টঙ্গী (গাজীপুর): পূর্ব শত্রুতার জেরে এক গৃহবধূর ওপর হামলার ঘটনা ঘটেছে।
শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে টঙ্গীর টিঅ্যান্ডটি বাজার এলাকায় এই ঘটনা ঘটে। গৃহবধূ মুক্তা মনিকে আহত অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী জানায়, তার সৎ ছেলে ইয়াছিন, মেয়ে জেসমিন এবং দেবর আহাদুজ্জামান আহাদসহ ১০-১২ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্র এবং লাঠিসোটা নিয়ে হঠাৎ করেই তাদের বাসায় ঢোকে। এ সময় তারা তাকে এলোপাতাড়ি মারধর এবং শ্লীলতাহানি করে। পরে তারা হত্যার হুমকি দিয়ে চলে যায়।
আশপাশের লোকজন এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক মো. অহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এবিষয়ে ভুক্তভোগীর দেবর আহাম্মেদ আলী বলেন, এমনভাবে তাকে মারা হয়েছে যে বাঁচার কোনো কথা ছিল না। তার পা ভেঙ্গে দেওয়া হয়েছে। বেধড়ক মার খেয়ে তিনি অজ্ঞান হয়ে গেলে মারা গেছে ভেবে তাৎক্ষণিক সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।