Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুমনকে গ্রেফতার দেখানোর আদেশ

স্টাফ করেসপন্ডেট
৮ জুলাই ২০২৬ ১৪:৩২

সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমন।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নওগাঁ-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামশেদ আলমের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

এর আগে, গত ৬ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে ওমর ফারুক সুমনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ওইদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই দিন ধার্য করেছিলেন।

বিজ্ঞাপন

মামলার আবেদনে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মোহাম্মদপুরের তিন রাস্তার মোড়সংলগ্ন মজুর ভিলার সামনে আন্দোলনে অংশ নেন বাদী মো. সোহেল রানা (৩৮)। অভিযোগ অনুযায়ী, এ সময় এজাহারভুক্ত আসামিরা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় এবং তাদের ছোড়া গুলিতে সোহেল রানা গুলিবিদ্ধ হন। এছাড়া হামলার সময় বোমা নিক্ষেপের ঘটনাও ঘটে, যাতে বাদীসহ আরও কয়েকজন গুরুতর আহত হন।

এ ঘটনায় ২০২৫ সালের ১১ জুন মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টার অভিযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়।

এর আগে, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর রাজধানীর একটি এলাকায় অভিযান চালিয়ে সাবেক এমপি ওমর ফারুক সুমনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর