Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বার কাউন্সিলের প্রথম রিভিউয়ে উত্তীর্ণদের ভাইভার নির্দেশ হাইকোর্টের

স্টাফ করেসপন্ডেট
৮ জুলাই ২০২৬ ১৪:৩৯ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১৭:৫৩

ঢাকা: বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার প্রথম রিভিউ ফলাফল বাতিল করে আবেদনকারীদের এনরোলমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে অবৈধ ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন হাইকোর্ট। রায়ে প্রথম রিভিউ পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রকাশ করেন।

রায়ে বলা হয়েছে, সংশ্লিষ্ট এনরোলমেন্ট কমিটিকে সুবিধাজনক সময়ে যুক্তিসঙ্গত সময়ের মধ্যে ভাইভা পরীক্ষার তারিখ নির্ধারণ করে রিট আবেদনকারীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। একই সঙ্গে প্রথম রিভিউ ফলাফলে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও যারা রিট করেননি, তাদেরও একইভাবে ভাইভা পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গত ১০ জুন একই বেঞ্চ রায় ঘোষণা করে জানায়, ২০২৫ সালের ১৮ নভেম্বর প্রকাশিত প্রথম রিভিউ ফলাফল বাতিল করে আবেদনকারীদের এনরোলমেন্ট প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত আইনসম্মত নয়। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে আদালত ওই রায় দেন।

আদালতে পরীক্ষার্থীদের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল এবং ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।

মামলার তথ্য অনুযায়ী, বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ১৮ নভেম্বর প্রকাশিত প্রথম রিভিউ ফলাফল বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ৬৩২ জন পরীক্ষার্থী হাইকোর্টে রিট আবেদন করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর বার কাউন্সিল প্রথম রিভিউ ফলাফল বাতিল করে রিভিউ আবেদনকারী সব প্রার্থীর উত্তরপত্র পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। পরে দ্বিতীয় রিভিউয়ের ফল প্রকাশ করা হয় এবং সেই ফলাফলে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হয়।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর