Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাইকোর্টে ৮ কার্যদিবসে ৩৪ হাজার ৮৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৮:৫৯

ঢাকা: সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিশেষ উদ্যোগের আওতায় ৮ কার্যদিবসে মোট ৩৪ হাজার ৮৪৬টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে রয়েছে পুরোনো ক্রিমিনাল মিস মামলা ও রিট মামলা।

শনিবার (১৮ জুলাই) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৬ জুলাই (বৃহস্পতিবার) হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ৬ হাজার ৩১৭টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি করা হয়। একই দিনে রিট মোশন বেঞ্চে ২৩টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়। ফলে ওই একদিনেই মোট ৬ হাজার ৩৪০টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়েছে।

এ পর্যন্ত ৮ কার্যদিবসে ২৭ হাজার ৯৩৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৬ হাজার ৯০৭টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে মোট নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ হাজার ৮৪৬টি।

বিজ্ঞাপন

প্রধান বিচারপতির নির্দেশনা অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্রিমিনাল মোশন ও রিট মোশন বেঞ্চে দীর্ঘদিন ধরে বিচারাধীন পুরোনো মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হচ্ছে। বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট কমানো এবং বিচারব্যবস্থার কার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে এ বিশেষ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, গত ৭ মে থেকে হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চে প্রতি সপ্তাহে নির্ধারিত একদিন পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির এ বিশেষ কার্যক্রম শুরু হয়।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, পুরোনো মামলা নিষ্পত্তির এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর