Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইকো মামলা: খালেদার বিরুদ্ধে চার্জগঠনের শুনানি ৪ নভেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২১ ১৩:৩৮ | আপডেট: ৫ অক্টোবর ২০২১ ১৪:৩২

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় চার্জগঠনের শুনানির তারিখ পিছিয়ে আগামী ৪ নভেম্বর ধার্য করেছেন আদালত। আসামিপক্ষের অন্যতম আইনজীবী সৈয়দ মো. জয়নুল আবেদীন মেসবাহ এ তথ্য জানান।

মঙ্গলবার (৪ অক্টোবর) খালেদা জিয়ার পক্ষে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন শুনানির দিন ধার্য ছিল। এদিন খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী হাজিরা দাখিল করেন। তবে কেরানীগঞ্জ কারাগারের ২ নম্বর ভবনে অস্থায়ীভাবে স্থাপিত ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম শুনানির জন্য নতুন এই দিন ধার্য করেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচ জনের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছরের ৫ মে ওই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

বিজ্ঞাপন

২০১৭ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতে খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।

সারাবাংলা/এআই/এনএস