Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোহাম্মদপুরে জমির মালিকানা নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ২০:৪৯ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ২০:৫৩

হামলায় আহতরা।

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় জমির মালিকানা সংক্রান্ত বিরোধে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে ৫ জন আহত হয়েছে। মহানগর বিএনপির সদস্য আহম্মেদ হাজীর নির্দেশে এ হামলা হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের।

রোববার (৫ জুলাই) বিকালে মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় আহত ভুক্তভোগী মো. রাসেল আহম্মেদ বলেন, ‘বসিলা গার্ডেন সিটি এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মসজিদের ইমামের জমির সিমানা নিয়ে জাপান গার্ডেন সিটির কর্তৃপক্ষের সঙ্গে ঝামেলা চলে আসছিল। সেখানে দু’পক্ষেরই জমি ছিল। ইমামের জমিতে আমাদের কয়েকজন ছোটভাই থাকতো যারা ইমামেরও আত্মীয়। আজ সে বিষয়ে ফয়সালা হওয়ার কথা ছিল। ফয়সালা চলাকালীন সময় সেই জমিতে অবস্থান করা আমাদের ছোট ভাই রুবেল, তন্ময় ও সাগর নামে ৩ জনের ওপর হামলা করে প্রতিপক্ষরা। খবর পেয়ে আমরা গেলে তারা আমাদের ওপর ও হামলা চালায়। পরে আহতদের সবাইকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছে। এ ঘটনায় আমাদের ৫ জন আহত হয়েছে। আমরা মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’

বিজ্ঞাপন

ভুক্তভোগী রাসেল আরও বলেন, হামলায় মহানগর বিএনপির সদস্য এবং থানার যুগ্ম আহবায়ক আহম্মেদ হাজী ও তার লোকজন জড়িত। শান্তিপূর্ণ একটি আলোচনার জন্য আসা লোকজনের ওপর হামলায় নেতৃত্ব দিয়েছে জাহিদ, জাবের আলা উদ্দিন, জাফর। তারা সবাই আহম্মেদ হাজীর ভাতিজা। জাফর বসিলা উত্তরমুড়া ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। থানায় লিখিত অভিযোগ দিতে বলেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর