ঢাকা: প্রতিষ্ঠার পর ৩৬ বছর পেরিয়ে ৩৭তম বর্ষে পা রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। `তথ্যে তারুণ্যে নিত্য সত্যে’ স্লোগানটি সামনে রেখে ১৯৮৫ সালে ১৩ জন শিক্ষার্থী সাংবাদিককে নিয়ে যাত্রা শুরু করে সংগঠনটি।
রোববার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সমিতির কার্যালয়ে কেক কেটে ৩৬ম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সংগঠনটির বর্তমান সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন সদস্য ও বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামাল।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমাদের সবসময় ইতিবাচক দৃষ্টিভঙ্গি লালন করে বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি গুরুত্ব দেওয়া উচিত। ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে যেকোনো বিষয়কে সুন্দর করে তোলা যায়। আমাদের সকলের লক্ষ্য এক অভিন্ন। আমাদের লক্ষ্য হলো সুন্দর ও কল্যাণের উন্নয়ন ঘটানো। যদি তাই হয় তাহলে আমাদের ইতিবাচকতার প্রতি গুরুত্ব দিতে হবে।’
উপাচার্য বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্যরা দ্বৈত ভূমিকা পালন করে। একটি হলো তারা নিয়মিত শিক্ষার্থী। আরেকটি হলো তারা সাংবাদিক। এই দুটি ক্ষেত্রে প্রতিষ্ঠাবার্ষিকীর পালন করতে গিয়ে তারা সবসময় বস্তুনিষ্ঠাতার প্রতি গুরুত্ব দেয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হওয়ায় তাদের মাঝে পেশাদারিত্বের মনোভাব শক্তিশালী অবস্থানে থাকে।’
সভাপতির বক্তব্যে সংগঠনটির সভাপতি মেহেদী হাসান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বস্তুনিষ্ঠতা বজায় রেখে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিতসহ সুন্দর মানবিক ক্যাম্পাস বিনির্মাণের জন্য আমাদের কাজ অব্যাহত থাকবে।’