Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে জকসু সংবাদ সম্মেলন

জবি করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৮:৩০

জকসুর সংবাদ সম্মেলন।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, নির্মাণাধীন দুটি ছাত্র হলের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত সংবাদ সম্মেলনে জকসুর ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলিম আরিফ, সমাজসেবা সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একইসঙ্গে সম্মেলনে শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির বাকি অর্থ দ্রুত ছাড় করারও দাবি জানানো হয়।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে ভিপি রিয়াজুল ইসলাম বলেন, শুরু থেকেই দ্বিতীয় ক্যাম্পাসের দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়নের দাবিতে জকসু ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে একাধিক দফা আলোচনা করে আসছে। প্রকল্পের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) ইউজিসিতে পাঠানো এবং সংশোধনের পর পুনরায় জমা দেওয়া হলেও, সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরের বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, ‘এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৭ হাজার শিক্ষার্থীর মধ্যে হতাশা তৈরি হয়েছে। আজ আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছি। তিনি আমাদের জানিয়েছেন, সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরের বিষয়ে তিনি আন্তরিক এবং ইতিবাচক অবস্থানে রয়েছেন।’

জকসুর পক্ষ থেকে আগামী এক মাসের মধ্যে দ্বিতীয় ধাপের নির্মাণকাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবি জানানো হয়। অন্যথায় ১৭ হাজার শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন রিয়াজুল ইসলাম।

নির্মাণাধীন দুটি ছাত্র হল প্রসঙ্গে তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন সেনাবাহিনীর সঙ্গে বৈঠক করে আগামী ডিসেম্বরের মধ্যেই হল দুটির নির্মাণকাজ সম্পন্ন ও উদ্বোধনের আশ্বাস দিয়েছে। জকসু এ সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে নিয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রশাসনের কার্যকর তদারকির দাবি জানিয়েছে।

বিশেষ বৃত্তির অর্থ ছাড়ের বিষয়েও অসন্তোষ প্রকাশ করে জকসু। নেতারা জানান, আন্দোলনের পর এখন পর্যন্ত মাত্র ১০ কোটি টাকা ছাড় করা হয়েছে। অথচ প্রতিশ্রুত মোট ৫৬ কোটি টাকার মধ্যে এখনও ৪৬ কোটি টাকা বাকি রয়েছে। চলতি বাজেটে এ অর্থ বরাদ্দের আশ্বাস দেওয়া হলেও নির্দিষ্ট পরিমাণ জানানো হয়নি। বাকি অর্থ দ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়ার দাবি জানান তারা।

জকসু নেতারা বলেন, শিক্ষার্থীদের স্বার্থে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করতে তারা প্রস্তুত। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি বা কোনো অনিয়ম হলে শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ারও ঘোষণা দেন তারা।

এদিকে, সংবাদ সম্মেলনে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই শহিদ ইকরামুল হক সাজিদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ, তার নামে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ, জুলাইভিত্তিক গ্রাফিতি অঙ্কন, হামলায় জড়িতদের বিচারের দাবিতে কর্মসূচি, ‘৩৬ জুলাই’ র‌্যালি, আবৃত্তি, ক্যালিগ্রাফি ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা, ভিডিও প্রতিযোগিতা, সেমিনার এবং জুলাই স্মরণে বিভিন্ন সৃজনশীল আয়োজন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর