নাটোর: জেলার সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে তুলে নিয়ে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা অভিযুক্ত যুবক গৌতমকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
রোববার (৫ জুলাই) দুপুরে পৌরসভার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক গৌতম উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে ও পেশায় অটোরিকশাচালক।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, দুপুরে টিফিনের বিরতিতে বালুয়া বাসুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এসময় চৌগ্রাম এলাকার গৌতম নামের এক যুবক জোরপূর্বক টেনেহিঁচড়ে ওই ছাত্রীকে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এসময় ছাত্রী চিৎকার করে এবং অভিযুক্ত যুবককে কামড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়।
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত গৌতমকে আটক করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।