Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে হাসপাতাল থেকে নবজাতক চুরি, সন্ধান মেলেনি এখনো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২১ ১২:২২ | আপডেট: ২০ আগস্ট ২০২১ ১৪:৩৬

নোয়াখালী: জেলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে দুইদিন বয়সী এক নবজাতক চুরির ৪৮ ঘণ্টা পার হলেও এখনো পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় জড়িত সন্দেহে তুহিন (৩৬) নামে একজনকে হাসপাতাল এলাকা থেকে আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

নবজাতক বাবা-মা নোয়াখালী পৌরসভার কৃষ্ণরামপুর এলাকার মো. আবদুল মালেক ও জুলেখা বেগম। বুধবার রাত আটটায় হাসপাতালের ২ নম্বর ওয়ার্ড থেকে এই চুরির ঘটনা ঘটে। সোমবার অস্ত্রোপচারের মাধ্যমে নবজাতক শিশুটির জন্ম হয়।

নবজাতকের মা জুলেখা বেগম জানান, তিনি বুধবার রাতে তার সন্তানকে বেডে রেখে টয়লেটে যান। টয়লেট থেকে এসে দেখেন তার সন্তানটি বেডে নেই। এরপর হাসপাতালের বিভিন্ন ফ্লোর এবং ওয়ার্ডে খুঁজেও সন্তানের সন্ধান পাননি। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। সন্তান হারিয়ে মা জুলেখা বেগম এখন পাগলপ্রায়।

বিজ্ঞাপন

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম জানান, বিষয়টি সুধারাম মডেল থানার পুলিশকে অবহিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, নবজাতক শিশু চুরির ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া জড়িত সন্দেহে তুহিন নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

সারাবাংলা/এএম
বিজ্ঞাপন

আরো