Sunday 05 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাজিক মাশরুম: কানাডা প্রবাসীসহ গ্রেফতার ২ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২১ ১৮:৪২

ঢাকা: নিষিদ্ধ মাদক ম্যাজিক মাশরুমের পাঁচটি বার এবং দুই বোতল বিদেশি মদসহ কানাডা প্রবাসী নাগিব হাসান অর্ণব (২৫) এবং তাইফুর রশিদ জাহিদের (২৩) একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ জুলাই) শুনানি শেষে বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমানের আদালতে এ রিমান্ডের আদেশ দেন।

এদিন হাতিরঝিল থানার মামলায় তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সুব্রত দেবনাথ আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড আবেদন করেন।

এসময় আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিলের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

গত বুধবার (৭ জুলাই) রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে র‍্যাবের গোয়েন্দা শাখার একটি দল তাদের আটক করে।

র‍্যাব জানায়, বিদেশ থেকে চকোলেট হিসেবে আসছে ম্যাজিক মাশরুম। তা গোপনে বিক্রি করছে একটি চক্র। সেই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা পাঁচটি বারের প্রতিটিতে ম্যাজিক মাশরুমের পরিমাণ ২৫০০ মাইক্রোগ্রাম।

সারাবাংলা/এআই/এমও