ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, এমপি বলেছেন, ‘খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজরা দেশ ও জাতির শত্রু; তাদের দলীয় কোনো পরিচয় থাকতে পারে না’। তিনি বলেন, যারা খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজদের আশ্রয়-প্রশয় দেয় এরা তাদেরও শত্রু।
চাঁদাবাজদের হামলায় গুরুতর আহত ব্যবসায়ীদের শারীরিক খোঁজ-খবর নিতে শনিবার (৪ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নূরুল ইসলাম বুলবুল ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ মিছিলে চাঁদাবাজদের সন্ত্রাসী হামলার ঘটনার পর পুলিশের নিরব ভূমিকা সন্দেহজনক’। তিনি বলেন, পুলিশের ভূমিকা দেখে মনে হয় পুলিশ জনগণের জন্য নয় সন্ত্রাস-চাঁদাবাজদের জন্য কাজ করছে। ব্যবসায়ীদের ওপর হামলার সঙ্গে কোনো কোনো চাঁদাবাজ জড়িত, কোন দলের কে জড়িত পুলিশ সবই জানে উল্লেখ করে তিনি বলেন, অনতিবিলম্বে সন্ত্রাসী চাঁদাবাজের গ্রেফতার না করলে ব্যবসায়ী সমাজ পুলিশের বিরুদ্ধে রাজপথে নামতে পারে।
তিনি বলেন, জুলাইয়ে চেতনায় ছাত্র-জনতা ঐক্যবদ্ধ আছে। খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজদের বিরুদ্ধে যেকোনো সময় ছাত্র-জনতা রাজপথে নেমে যেতে পারে। তাই সরকারের উচিত, নিজের স্বার্থে সন্ত্রাস-চাঁদাবাজ দমনে জিরো-টলারেন্স নীতি অবলম্বন করা। জিরো-টলারেন্স নীতিতে সন্ত্রাস-চাঁদাবাজ দমন করে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য শাহীন আহমেদ খান, মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন, শাহবাগ পশ্চিম থানা আমীর অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবিব, রমনা থানা আমির আতিকুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।