ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, এমপি বলেছেন, ‘জনগণকে বিভ্রান্ত করতে সরকার জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছে।
শুক্রবার (০৮ মে) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল-শাহজাহানপুর জোনের ‘নন রুকন সাথী ও সদস্য শিক্ষাশিবির’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুলবুল বলেন, যারা নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ক্ষমতায় বসে গণভোটের জনরায়কে মেনে নিচ্ছে না তাদের মাধ্যমে রাষ্ট্র সংস্কার হবে না, তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে না। সরকার যদি জুলাই সনদ অক্ষরে-অক্ষরে পালনই করে তবে কেন সরকারদলীয় সংসদ সদস্যরা গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহন করেনি প্রশ্ন রেখে তিনি বলেন, জনগণের মতামতের ভিত্তিতে সরকার জুলাই সনদ বাস্তবায়ন করবে না বলেই সরকার গণভোটের রায় মেনে নিচ্ছে না। জনগণ সংস্কার চায়, জনগণ পরিবর্তন চায় কিন্তু সরকার সংস্কার ও পরিবর্তন না করে পুরোনো ফ্যাসিবাদ পুনঃপ্রতিষ্ঠার পথেই হাটছে।
তিনি আরও বলেন ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি। পরিস্থিতি যতই কঠিন হোক ময়দান ত্যাগ করা যাবে না। অতীতের মতোই জনগণের দাবি আদায়ে রাজপথের ভূমিকা অব্যাহত রাখতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, মতিঝিল-শাহজাহানপুর জোন পরিচালক মুহাম্মদ শামছুর রহমান এতে সভাপতিত্ব করেন।
মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মুহাম্মদ শরিফুল ইসলামের পরিচালনায় মহানগরীর হলরুমে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে আরও বক্তব্য দেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মুতাসিম বিল্লাহ, মতিঝিল উত্তর থানা আমীর এস এম শামছুল বারী, মতিঝিল পূর্ব থানা আমির মো. নুর উদ্দিন, শাহজাহানপুর পশ্চিম থানা আমির সারোয়ার হোসেন প্রমুখ। এসময় মতিঝিল-শাহজাহানপুর জোনের সকল সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।