Saturday 04 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিত করা সম্ভব’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২১ ২০:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ভোক্তা অধিকার প্রতিষ্ঠায় সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে। সচেতনা বৃদ্ধির মাধ্যমে ভোক্তার অধিকার নিশ্চিত করা সম্ভব। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর প্রতিষ্ঠা করে বাজার অভিযান জোরদার করা হয়েছে।

রোববার (২৭ জুন) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর উদ্যোগে অনলাইনে আয়োজিত জেলা-উপজেলা ভোক্তা প্রতিনিধি সম্মেলন-২০২১ এবং ভোক্তা অধিকার শক্তিশালীকরণ শীর্ষক এক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এক চেটিয়া বাণিজ্য বন্ধ এবং ব্যবসা-বাণিজ্যে প্রতিযোগিতা নিশ্চিত করতে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন গঠন করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে নিরাপদ খাদ্য আইন প্রণয়ন করা হয়েছে। ভোক্তাকে সচেতন করে তোলার জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’

বিজ্ঞাপন

টিপু মুনশি বলেন, ‘ক্যাব ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। ভোক্তাদের সচেতন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আরও গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। বাজারে পণ্যের চাহিদা বেড়েছে, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় সবাইকে সচেতন থাকতে হবে। সরকার করোনা মহামারিতে পণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য বিভিন্ন আমদানি নির্ভর পণ্যের শুল্ক হ্রাসের উদ্যোগ নিয়েছে।’

তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে দিন-রাত কাজ করে যাচ্ছেন। বর্তমান ব্যবসাবান্ধব সরকার দেশের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ, সঠিক মূল্য এবং পর্যাপ্ত মজুত নিশ্চিত করতে সবধরনের পদক্ষেপ নিয়েছে। করোনা মহামারির সময় প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় ভোক্তাদের কষ্ট লাগবের জন্য দেশের ৫০ লাখ পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভোক্তাদের ন্যায্য মুল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজলভ্য করতে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিক্রি কয়েকগুণ বাড়িয়েছে। পণ্যের মূল্য নিয়ন্ত্রণে বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশন আন্তরিকতার সঙ্গে কাজ করছে। সরকারের কঠোর পদক্ষেপের কারণে করোনার মধ্যেই সব পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য স্বাভাবিক রয়েছে।’

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাফোডিল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক সৈয়দ মিজানুর রহমান। ক্যাব সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারপারসন মো. মফিজুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা প্রমুখ।

সারাবাংলা/জিএস/পিটিএম