ঢাকা: প্রশস্ত হচ্ছে মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক। এজন্য মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়কের উন্নীতকরণে একটি প্রকল্প হাতে নিচ্ছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার ১০৭ কোটি ১৬ লাখ টাকা।
প্রকল্পটি মঙ্গলবার (৮ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা। ওই সভায় দেওয়া সুপারিশগুলো প্রতিপালন করায় একনেক বৈঠকে উঠছে প্রকল্পটি। অনুমোদন পেলে চলতি বছর হতে শুরু হয়ে ২০২৩ সালের ডিসেম্বরে মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ অধিদফতর।
জানা গেছে, ৪৭ কিলোমিটার মধুপুর-ময়মনসিংহ মহাসড়কের ৩২ দশমিক ১৬ কিলোমিটার ময়মনসিংহ সড়ক বিভাগের অধীনে আছে। যা রসুলপুর থেকে শুরু হয়ে ময়মনসিংহ শহরের জিরো পয়েন্ট পর্যন্ত। ১৪ দশমিক ৯৭ কিলোমিটার টাঙ্গাইল সড়ক বিভাগের। যা মধুপুর থেকে শুরু হয়ে রসুলপুরে শেষ হয়েছে। এছাড়াও ময়মনসিংহ অংশে একটি ৬ কিলোমিটার নতুন লিংক রোড রয়েছে, যা ভাবকির মোড় থেকে মুক্তাগাছা শহরকে বাইপাস করে ছত্রাসিয়া পর্যন্ত।
এ বিষয়ে প্রকল্পটির দায়িত্বপ্রাপ্ত পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মামুন-আল-রশীদ বলেন, প্রস্তাবিত প্রকল্পটি বাস্তবায়িত হলে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার সঙ্গে ময়মনসিংহ সদর উপজেলার ন্যূনতম সময়ে নিরাপদ, উন্নত ও ব্যয় সাশ্রয়ী সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে।