চট্টগ্রাম: নগরীর পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নৌকায় বোঝাই করা ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারের অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজারের চকরিয়া উপজেলার নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (জিয়ান) (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) ও মো. বাদশা (২০)।
শুক্রবার (৩ জুলাই) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সন্দেহভাজন একটি নৌকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বোঝাই করা প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত নৌকা জব্দ এবং পাঁচজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা সিমেন্ট, কাঠের বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, উপকূলীয় এলাকায় চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।