Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পাচ্ছেন ১৪ ব্যক্তি ও ১৬ প্রতিষ্ঠান

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুন ২০২১ ২০:৫১ | আপডেট: ৬ জুন ২০২১ ২১:০২

ঢাকা: এ বছর ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯’ প্রদানের জন্য ১৪ ব্যক্তি ও ১৬ প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার। বৃক্ষরোপণ অভিযানকে একটি টেকসই ও স্বতঃস্ফূর্ত কার্যক্রমে পরিণত করার পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে অনুপ্রাণিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে এ পুরস্কার দিয়ে থাকে পরিবেশ বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়।

রোববার (৬ জুন) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত পদক সংক্রান্ত জাতীয় কমিটির সভায় পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়। সভায় অন্যদের মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সংসদ সদস্য শামীমা আক্তার খানম, মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান, বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরীসহ জাতীয় কমিটির সদস্যরা যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠান
উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে বিচারের পর জাতীয় কমিটি পুরস্কারপ্রাপ্তদের চূড়ান্তভাবে মনোনীত করে। এবার জাতীয় কমিটির সদস্যরা প্রাথমিক বিদ্যালয়/উচ্চ বিদ্যালয়/ইবতেদায়ি মাদরাসা/সিনিয়র মাদরাসা শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন, সাতক্ষীরা; কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, নরসিংদী এবং শিয়ালী তালেমুন কুরআন নূরানি ও হাফেজিয়া মাদরাসা, পটুয়াখালী মনোনীত করেন।

কলেজ/বিশ্ববিদ্যালয় শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য মনোনীত হয়, যথাক্রমে—মৌকরণ বি, এল, পি ডিগ্রি কলেজ, মৌকরণ, পটুয়াখালী; আছমত আলী খান কলেজ, লাউকাঠী, পটুয়াখালী এবং আলহাজ মোল্লা জালাল উদ্দিন কলেজ, খুলনা।

ইউনিয়ন পরিষদ/উপজেলা পরিষদ/জেলা পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় পুরস্কারের জন্য যথাক্রমে— উপজেলা পরিষদ, রামপাল, বাগেরহাট এবং ঈশ্বরদী পৌরসভা, পাবনা মনোনীত হয়।

অধিদফতর/পরিদফতর/সেক্টর করপোরেশন/প্রতিষ্ঠান শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে আর.আর.এফ, খুলনা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পটুয়াখালী এবং কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ইটাভাড়া, ঢাকা মনোনীত হয়।

এনজিও/ক্লাব/স্বেচ্ছাসেবী সংস্থা শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় পুরস্কারের জন্য যথাক্রমে বনায়ন, জগতি, কুষ্টিয়া এবং বাংলাদেশ স্কাউটস, পঞ্চগড় মনোনীত হয়েছে। ‘বন বিভাগ কর্তৃক সৃজিত বাগান’ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে সামাজিক বন বিভাগ, বীরগঞ্জ, দিনাজপুর; সামাজিক বন বিভাগ যশোর, (এসএফএনটিসি) সাতক্ষীরা এবং কক্সবাজার উত্তর বন বিভাগ, কচ্ছপিয়া বিট, বাঘখালী রেঞ্জ মনোনীত হয়।

পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি
ব্যক্তিগত পর্যায়ে বৃক্ষরোপণ শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় পুরস্কারের জন্য যথাক্রমে উনুচিং মারমা, খাগড়াছড়ি; পারভীন সিরাজ, মুন্সিগঞ্জ এবং তৃতীয় পুরস্কারের জন্য যৌথভাবে ইসাক আহমেদ, নাটোর এবং মো: মেহেদী হাসান কবির, বড়লেখা, মৌলভীবাজার মনোনীত হয়েছেন।

ব্যক্তি মালিকানাধীন নার্সারি শ্রেণিতে প্রথম ও দ্বিতীয় পুরস্কারের জন্য যথাক্রমে উত্তরা ভাই ভাই নার্সারি, প্রো. হেলেনা আক্তার হেনা, সাভার, ঢাকা; ফতেয়াবাদ নার্সারী, প্রো. মোছাম্মৎ. রুজিনা ইয়াছমিন, হাটহাজারী, চট্টগ্রাম এবং তৃতীয় পুরস্কারের জন্য যৌথভাবে বৃক্ষবন্ধু নার্সারি, প্রো. নিলু বেগম, মৌলভীবাজার এবং সততা নার্সারী, অঞ্জনা রানী পাল, খুলনা মনোনীত হয়েছেন।

বাড়ির ছাদে বাগান সৃজন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য যথাক্রমে নাহিদা বারিক, কলাবাগান, ঢাকা; রাখী দে, দিনাজপুর সদর এবং ওয়াহিদা ইয়াসমিন, বেতিয়াপাড়া, রাজশাহী মনোনীত হয়েছেন।

বৃক্ষ গবেষণা/সংরক্ষণ/উদ্ভাবন শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কারের জন্য রাজবাড়ি জেলার ড. মো. আব্দুল হাকিম মন্ডল, চট্টগ্রাম জেলার মো. মোকাম্মেল হক খান এবং মৌলভীবাজার জেলার হৃদয় চন্দ্ৰ দেবনাথ মনোনীত হয়েছেন।

জাতীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, দেশে অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠান বৃক্ষরোপণ করে প্রশংসনীয় কাজ করে চলেছেন। সরকার গত অর্থবছর দেশে আট কোটির অধিক বৃক্ষরোপণ করেছে, এবারেও আট কোটির ওপরে বৃক্ষরোপণ করা হবে। সরকারের পাশাপাশি ব্যক্তি ও বেসরকারি সংস্থাসমূহ এগিয়ে আসলে জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এবারের প্রতিপাদ্য,’মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ বাস্তবে রূপ দিতে পারব।

মন্ত্রী বলেন, পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিবর্গের সম্মানীর পরিমাণ ভবিষ্যতে বৃদ্ধি করার উদ্যোগ নেওয়া হবে।

উল্লেখ্য, বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখার জন্য ১৯৯৩ সাল হতে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার’ প্রদান করা হয়ে থাকে। সনদপত্র ছাড়াও ১ম স্থান অধিকারীকে ত্রিশ হাজার টাকা, ২য় স্থান স্থান অধিকারীকে বিশ হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারীকে পনের হাজার টাকার প্রদান করা হয়।

সারাবাংলা/জেআর/আইই
বিজ্ঞাপন

আরো