সুনামগঞ্জ: করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী সুনামগঞ্জে গণজমায়েত, সমাবেশসহ বন্ধ রয়েছে সকল পর্যটনস্থান। তাজিরপুর উপজেলার জাদুকাটা নদীতে হিন্দু সম্প্রদায়ের স্নানের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দিয়েছিল জেলা প্রশাসন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে স্নানে নেমেছে হাজারো মানুষের ঢল।
শুক্রবার (৯ এপ্রিল) জেলার বিভিন্ন প্রান্ত থেকে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে স্নানের জন্য সমবেত হয়েছেন হাজার মানুষ।
হিন্দু ধর্মাবলম্বীরা জানান, চৈত্র মাসের মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে জাদুকাটা নদীতে স্নান করলে সব পাপ মোচন হয় বলে প্রচলিত আছে। পুণ্য লাভের আশায় প্রতিবছরই দেশের বিভিন্ন এলাকা থেকে এসময়ে লাখো মানুষ আসেন জাদুকাটা বা পুণ্যতীর্থে স্নান করতে। এ নদীতে স্নান করাকে অনেকে গঙ্গাস্নানের সমতুল্য মনে করেন। করোনার জন্য গত বছরও পুণ্যতীর্থে স্নানের অনুষ্ঠান বন্ধ ছিল। কিন্তু এবার বন্ধ থাকলেও নিষেধাজ্ঞা অমান্য করে হাজারো মানুষ একত্রিত হয়েছে।
সিলেট থেকে আসা সীমান্ত চক্রবর্তী বলেন, অনেক কষ্ট করে পরিবারকে নিয়ে এখানে স্নান করতে এসেছি। গত বছর আসার কথা ছিল, কিন্তু করোনা আর লকডাউনের জন্য আসতে পারিনি। কিন্তু এবার জীবনের ঝুঁকি নিয়ে মনের আশা পূরণ করতে এসেছি।
দোয়ারা বাজার থেকে আসা নিতিশ দে বলেন, আগামী বছর বাঁচব কি না জানি না। এবার স্নান করতে চলে আসছি, যা হবার হবে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, আমরা সব রকমের চেষ্টা করেছি জাদুকাটায় যেন কেউ গণ জমায়েত না করে। কিন্তু সরকারি বিধিনিষেধ উপেক্ষা করেও অনেকই সেখানে জমায়েত হয়ে স্নান করছেন।