Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র অধিকার পরিষদ নেতা ইয়ামিনসহ দু’জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২১ ২০:৪৯ | আপডেট: ৫ এপ্রিল ২০২১ ২০:৫৭

ঢাকা: বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার ক্রীড়া সম্পাদক আরেফিন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম খান এই দু’জনসহ মোট তিন জনকে আদালতে হাজির করে পাঁচ দিন করে রিমান্ড আবেদন করেন।

এদিন আসামিপক্ষে আইনজীবী সিরাজুল ইসলাম, খাদেমুল ইসলাম ও মো. পারভেজ রিমান্ড বাতিল করে জামিনের জন্য আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) নিজাম উদ্দিন এ জামিন আবেদনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক বিন ইয়ামিন মোল্লা ও আরেফিন হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া তাওহিদুল ইসলাম শিপনের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে গত ২৫ মার্চ মতিঝিল থানায় ছাত্র ও যুব অধিকার পরিষদ একটি মিছিল বের করে। সেই মিছিলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আবুল কালাম আজাদ নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজে পুলিশ চিকিৎসা দিতে নিয়ে গেলে ছাত্র ও যুব অধিকার পরিষদের কর্মীরা তাকে জোর করে পুলিশের কাছ থেকে নিয়ে যায়।

এ ঘটনায় একইদিনে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেন পল্টন মডেল থানার এসআই রায়হান করীব। মামলায় ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ঢাবি শাখার সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লাসহ মোট ১৯ জনকে আসামি করা হয়।

সারাবাংলা/এআই/টিআর