Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ডিজিএফআই কর্মকর্তার মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২১ ১৯:৪৯ | আপডেট: ৪ এপ্রিল ২০২১ ২০:২২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) এক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি মোটর সাইকেল আরোহী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৪ এপ্রিল) বেলা ১২টার দিকে নগরীর বন্দর থানার সল্টগোলা মোড়ে চট্টগ্রাম বন্দরের ২ নম্বর জেটিগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মো. মিনহাজুল ইসলাম (৪৫) ডিজিএফআইয়ের চিফ পেটি অফিসার পদে ছিলেন। তিনি ওই সংস্থার চট্টগ্রাম কার্যালয়ের বন্দর ডেস্কে কর্মরত ছিলেন। তিনি নৌবাহিনীর সদস্য ছিলেন। বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার রাণীনগর গ্রামে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘উনি (মিনহাজ) মোটর সাইকেল চালিয়ে পতেঙ্গা থেকে বন্দরের দিকে আসছিলেন। প্রত্যক্ষদর্শী ও বন্দরের নিরাপত্তা কর্মীদের বক্তব্য অনুযায়ী, জেটিগেটে আরও কয়েকটি মোটর সাইকেলকে অতিক্রম করতে গিয়ে রাস্তার পাশে থাকা বালির স্তূপে লেগে উনার মোটর সাইকেল পিছলে পড়ে যায়। তিনি ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে নৌবাহিনী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ‍মৃত ঘোষণা করেছেন।’

বিজ্ঞাপন

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (বন্দর জোন) অলক কুমার বিশ্বাস সারাবাংলাকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি বালির স্তুপে পিছলে ভারসাম্য হারিয়ে দুর্ঘটনা ঘটেছে। সেখানে ট্রাক-কাভার্ডভ্যানসহ ভারি যানবাহন চলাচল করে। অন্য কোনো গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে কি না সেটাও আমরা খতিয়ে দেখছি। ঘটনাস্থলে সিসি ক্যামেরা আছে কি না সেটা আমরা দেখছি।’

সারাবাংলা/আরডি/এমআই