Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একদিনের জন্য চবি উপাচার্য মহীবুল আজিজ

চবি করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ২১:২৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য ও বাংলা বিভাগের অধ্যাপক ড. শিরীণ আখতারকে শিক্ষকতা পদ থেকে অবসর গ্রহণের পর আবারও উপাচার্যের দায়িত্ব পালনের নিয়োগ দেওয়া হয়েছে। তার অনুপস্থতিতে অবসর গ্রহণের দিন উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মহীবুল আজিজ।

মঙ্গলবার (৯ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব নূর-ই-আলম সই করা এক আদেশের এই তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বয়সপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদনের জন্য আগামী ২৯ এপ্রিল পূর্বাহ্নে তার মূল কর্মস্থল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রত্যাবর্তনপূর্বক একই দিন অপরাহ্নে ভাইস চ্যান্সেলর পদে যোগদানের অনুমতি এবং ভাইস চ্যান্সেলর ড. শিরীণ আখতারের অনুপস্থিতিতে কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ও বাংলা বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ মহীবুল আজিজকে নিজ দায়িত্বের অতিরিক্ত ভাইস চ্যান্সেলরের রুটিন দায়িত্ব পালনের অনুমতি প্রদান করা হলো।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে চবি প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারকে নিয়মিত চাকরির বর্ষপূর্তিতে অবসর গ্রহণের আনুষ্ঠানিতা সম্পন্ন করার পর উপাচার্য পদে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

অধ্যাপক ড. শিরীণ আখতার কক্সবাজার সরকারি গার্লস স্কুল থেকে ১৯৭৩ সালে এসএসসি, ১৯৭৫ সালে চট্টগ্রাম সরকারি গার্লস কলেজ থেকে এইচএসসি ও ১৯৭৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৮১ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন।

এ ছাড়া তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি নেন। ১৯৯৬ সালের জানুয়ারিতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। পরে ২০০৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি ও ২০১৬ সালের ২৮ মার্চ উপউপাচার্য হিসেবে নিয়োগ পায়। অধ্যাপক ড. শিরীণ আখতার ২০১৯ সালের ৩০ জুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দ্বায়িত্ব লাভ করেন।

সারাবাংলা/সিসি/এমআই