Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপির আন্দোলন দূর আকাশের নীলিমা: কাদের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ ফেব্রুয়ারি ২০২১ ১২:৪৯ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৬

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির আন্দোলন সুদুরপরাহত। তাই তাদের আন্দোলন দূর আকাশের নীলিমা, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনমুখী রাজনীতির জন্য ইস্যু নির্বাচনে ব্যর্থ হয়ে একযুগ কাটিয়ে দিয়েছে বিএনপি।’

শেখ হাসিনা সরকার দেউলিয়াত্বের শেষ পর্যায়ে—বিএনপি নেতাদের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার নয়, বিএনপির রাজনীতিই এখন গভীর সমুদ্রে কম্পাসহীন নাবিকের মতো।’ বিএনপির মিথ্যাচারই তাদের রাজনীতিকে এখন গ্রাস করছে বলেও মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

বিএনপির একদফা আন্দোলনের জন্য কর্মীদের প্রস্তুতি নেওয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘একদফা আর এগারো দফা যাই বলুন,বিএনপির আন্দোলনের মরা গাঙ্গে আর জোয়ার আসবে না।’

তাদের তথাকথিত একদফা আন্দোলনও জনবিচ্ছিন্নতায় মুখ থুবড়ে পড়বে বলেও মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ সভাপতির প্রতি দেশের জনগনের আস্থা শতভাগ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রতিক পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের বিপুল বিজয় তারই নজির।’

তিনি বলেন, ‘যেকোনো জনঘনিষ্ঠ ইস্যুতে শেখ হাসিনা সরকার সবার আগে রেসপন্স করেন এবং আওয়ামী লীগও দেশের মানুষের সঙ্গে আছে বলেই বিএনপি আন্দোলনের ইস্যু সংকটে পড়ছে।’

সারাবাংলা/এনআর/এসএসএ