খুলনা: খুলনার রূপসায় প্রতিপক্ষের হামলায় হাসান ওরফে বিহারী হাসান নামে এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭ টায় জাবুসা চৌরাস্তার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত হাসান জাবুসা গ্রামের মৃত সিরমান শেখ’র ছেলে।
এলাকাবাসী জানায়, চার/পাঁচ দিন আগে হাসান বিহারির বাড়িতে ভ্যান যোগে কয়েকজন মেহমান আসে। ভ্যানচালকসহ মেহমানরা বাড়ির ভেতর থাকার কিছুক্ষণ পর ওই ভ্যানটি চুরি হয়ে যায়। এই চুরির ঘটনায় সন্দেহভাজনের হিসেবে হাসান একই এলাকার রাশেদ শেখ ওরফে অক্ষে বিহারী নামে একজনের নাম প্রকাশ করে।
তারা আরও জানায়, সন্ধ্যায় হাসান নিজ এলাকায় অবস্থানকালে রাশেদসহ চার পাঁচ জন ধারাল অস্ত্র নিয়ে হাসানের ওপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করার পর স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ছাড়া মামলা দায়েরের জন্য আহত হাসানের ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।’