Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অস্ট্রিয়ার বিপক্ষে দাপুটে জয়ে শেষ ষোলোয় স্পেন

স্পোর্টস ডেস্ক
৩ জুলাই ২০২৬ ০৩:৩৫ | আপডেট: ৩ জুলাই ২০২৬ ১২:০৭

অস্ট্রিয়াকে ৩–০ গোলে উড়িয়ে দিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে স্পেন। ছবি: ইন্টারনেট

হট ফেভারিটের তকমা মাখানো ছিল বিশ্বকাপের আগে থেকেই। সেই তকমার যথাযোগ্য প্রমাণ দিয়ে নকআউট পর্বে আসে স্পেন। এবার সেই নকআউট পর্বে নিজেদের সামর্থ্যের আরও এক ঝলক দেখাল লা রোজারা। শুক্রবার (৩ জুলাই) অস্ট্রিয়াকে ৩–০ গোলে রীতিমতো উড়িয়ে দিয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লুইস দে লা ফুয়েন্তের দল। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে স্পেনের জয়ে জোড়া গোল করেন মিকেল ওইয়ারসাবাল। অপর গোলটি করেন পেদ্রো পোরো।

ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল স্প্যানিশদের দখলে। বলের নিয়ন্ত্রণ, আক্রমণের ধার ও সুযোগ তৈরির ক্ষেত্রে অস্ট্রিয়ার চেয়ে অনেকটাই এগিয়ে ছিল তারা। প্রথমার্ধে একাধিকবার গোলের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত। ৩৬তম মিনিটে মার্ক কুকুরেয়ার নিখুঁত পাস থেকে ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ওইয়ারসাবাল। চলতি বিশ্বকাপে এটি ছিল তার তৃতীয় গোল।

বিজ্ঞাপন

এর আগে কুকুরেয়া একবার বল জালে জড়ালেও কর্নার থেকে বল আসার সময় স্পেনের এক খেলোয়াড় অস্ট্রিয়ার গোলরক্ষক আলেকজান্ডার শ্লাগারের ওপর ফাউল করায় গোলটি বাতিল করেন রেফারি। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্পেন। তবে প্রথমার্ধেই আরও কয়েকটি গোল পেতে পারত তারা। অস্ট্রিয়ার গোলরক্ষক শ্লাগারের একাধিক দুর্দান্ত সেভ এবং গোলপোস্ট স্পেনকে বড় ব্যবধানে এগিয়ে যেতে দেয়নি।

দ্বিতীয়ার্ধেও একই ছন্দ ধরে রাখে স্পেন। ম্যাচের ৬৬তম মিনিটে আলেক্স বায়েনার ক্রসে দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার পেদ্রো পোরো। ম্যাচের শেষ দিকে ফের জ্বলে ওঠেন ওইয়ারসাবাল। ৮৯তম মিনিটে দলীয় আক্রমণ থেকে মার্ক কুকুরেয়ার বাড়ানো পাস পেয়ে সহজেই নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন তিনি। চলতি বিশ্বকাপে এটি তার চতুর্থ গোল। শেষ পর্যন্ত ৩–০ গোলের স্বচ্ছন্দ জয় নিয়েই মাঠ ছাড়ে স্পেন। আর এর মধ্য দিয়ে শিরোপার অন্যতম শক্তিশালী দাবিদার হিসেবেও নিজেদের অবস্থান আরও দৃঢ় করে স্পেন।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর