ঢাকা: পরিমাপে কারচুপির অপরাধে ২ পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা ও এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। রাজধানীর মতিঝিল ও নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে মামলা ও জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিএসটিআই এ তথ্য জানিয়েছে।
এদিন মতিঝিল এলাকায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স পূর্ণিমা ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে ১টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ১১০ মিলি লিটার এবং ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটে ৭০ মিলিলিটার কম পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসাথে ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিট দিয়ে জ্বালানি তেল বিক্রয় ও বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া গতকাল বুধবার নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা এলাকায় একটি স্কোয়াড অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায় মেসার্স এ বি অ্যান্ড সন্স জ্বালানি তেল পরিমাপে ৩টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৪০, ৪৭০ ও ৪৩০ মিলি লিটার এবং ১টি পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে ৪৩০ মিলি লিটার করে কম দেওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ও ক্রটিপূর্ণ ডিসপেন্সিং ইউনিটগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজা নাজ নীরার নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ লিয়াকত হোসেন ও পরিদর্শক মো. নাজমুস সায়াদত এবং স্কোয়াড অভিযানে সহকারী পরিচালক মফিজ উদ্দিন আহমাদের নেতৃত্বে পরিদর্শক মো. ইনজামামুল হক অংশ নেন।