Tuesday 30 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় মারা গেলেন সাবেক আইন সচিব জহিরুল হক


৬ আগস্ট ২০২০ ০০:৫১ | আপডেট: ৬ আগস্ট ২০২০ ০০:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অবসরপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক দুলাল মারা গেছেন। ৬২ বছর বয়সী জহিরুল হক মৃত্যুর সময় স্ত্রী, দুই মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বুধবার (৬ আগস্ট) রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে গত ২৭ জুলাই এখানেই ভর্তি হয়েছিলেন তিনি।

সাবেক এই আইন সচিবের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করিমের পাঠানো শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার  মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বিজ্ঞাপন

আবু সালেহ শেখ মো. জহিরুল হক আইন সচিব হিসেবে ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে দায়িত্ব পালন শুরু করেন। এরপর ২০১৭ সালের ৭ আগস্ট অবসরে গেলে সরকার তার অবসর উত্তর ছুটি বাতিল করে তাকে দুই বছরের জন্য আইন ও বিচার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেন। এরপর দুই বছর চুক্তিভিত্তিক দায়িত্ব পালন শেষ করে ২০১৯ সালের ৭ আগস্ট তিনি পুরোপুরি অবসরে চলে যান।

১৯৫৮ সালের ৮ আগস্ট সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় জন্ম জহিরুল হকের। ১৯৭৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে এসএসসি এবং একই বোর্ড থেকে ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮২ সালে তিনি এলএলবি (সম্মান) ডিগ্রি লাভ করেন।