Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুসরাত হত্যা মামলার পেপারবুক প্রস্তুত, শিগগিরই শুনানি


৩১ জানুয়ারি ২০২০ ০০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য পেপারবুক ছাপানোর কাজ সম্পন্ন হয়েছে। এখন পেপারবুক তৈরি সম্পন্ন হলে প্রধান বিচারপতি মামলাটি শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করে দেবেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পেপারবুক তৈরির বিষয়টি জানিয়েছেন হাইকোর্ট বিভাগের বিশেষ কর্মকর্তা মো. সাইফুর রহমান।

তিনি বলেন, পেপারবুক ছাপানো শেষ হয়েছে। পেপারবুক প্রস্তুতির পরই তা সরকারি ছাপাখানা বিজি প্রেস থেকে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পরবর্তী কাজ চলছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানির জন্য একটি ডেথ রেফারেন্স হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করে দেবেন। সেখানেই এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

গত ২৯ অক্টোবর বিকালে ফেনী থেকে নুসরাত হত্যা মামলার যাবতীয় নথি হাইকোর্টে এসে পৌছায়।

পরে তা অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য পেপারবুক প্রস্তুতের উদ্যোগ নেয় সুপ্রিমকোর্ট। এরপরই সকল নথি বিজি প্রেসে পাঠানো হয়।

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় করা মামলায় গত ২৪ অক্টোবর অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ জনকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। ওই মৃত্যুদন্ডের রায় অনুমোদনের জন্য মামলার নথি ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৩৭৪ ধারা মোতাবেক ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে পাঠান ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। যা ১৪০/১৯ নম্বর ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। সিআরপিসির ৩৭৪ ধারায় বলা হয়েছে, দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড ঘোষণা করেন, তখন হাইকোর্ট বিভাগের নিকট কার্যক্রম পেশ করতে হবে এবং হাইকোর্ট বিভাগ অনুমোদন না করা পর্যন্ত দণ্ড কার্যকর করা হবে না।