Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেসটিনির রফিকুল আমিনের ৩ বছরের কারাদণ্ড, ৫০ লাখ টাকা জরিমানা


২৮ জানুয়ারি ২০২০ ১৩:০৮ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১৪:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: সম্পদের তথ্যবিবরণী জমা না দেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তার ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক শামীম আহাম্মদ এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি রফিকুল আমিন আদালতে উপস্থিত ছিলেন।

২০১২ সালের ৩১ জুলাই ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমীন এবং ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনসহ ২২ জনের বিরুদ্ধে প্রায় চার হাজার কোটি টাকা আত্মসাত ও পাচারের অভিযোগে কলাবাগান থানায় আলাদা দুটি মামলা করে দুদক। ওই বছরের ১১ অক্টোবর ঢাকার মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

কারাগারে থাকা অবস্থায় ওই দুই মামলায় রফিকুল আমিনের জ্ঞাত আয় বহির্ভূত ১৮ কোটি ২ লাখ ২৯ হাজার ৩২৩ টাকার সম্পদের হিসাব চেয়ে ২০১৬ সালের ১৬ জুন নোটিশ দেয় দুদক। নোটিশে সাতদিনের মধ্যে তাকে তথ্যবিবরণী জমা দিতে বলা হয়। কারাবন্দি রফিকুল আমীন বিবরণী দাখিলের জন্য সময়ের আবেদন করলে তাকে আরও সাতদিন সময় দেওয়া হয়। এরপরও সম্পদের তথ্যবিবরণী না দেওয়ায় ২০১৬ সালের ৮ সেপ্টেম্বর রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।

২০১৭ সালের ৬ জুন আদালতে চার্জশিট দাখিল করে দুদক। ২০১৮ সালের ১২ মার্চ চার্জগঠন করে রফিকুল আমিনের বিচার শুরু করেন আদালত। মামলাটিতে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।