Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পুরান ঢাকার উন্নয়নে প্রকল্প আসছে’


২৭ জানুয়ারি ২০২০ ২০:৫৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ ভবন থেকে: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম সংসদে জানিয়েছেন, পুরনো ঢাকার নাগরিক সমস্যা সমাধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পদক্ষেপ নিয়েছে। এরই মধ্যে নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য পুরান ঢাকার সাতটি জায়গা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) একাদশ জাতীয় সংসদের ৬ষ্ঠ অধিবেশনে সরকারি দলের সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

প্রশ্নোত্তর পর্বে শ ম রেজাউল করিম জানান, নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য প্রাথমিকভাবে পুরনো ঢাকার ইসলামবাগ, চকবাজার, মৌলভীবাজার, বংশাল, হাজারীবাগ, কামরাঙ্গীচর ও লালবাগে ৭টি সম্ভাব্য স্থান নির্ধারণ করা হয়েছে। এছাড়া এরই মধ্যে হাজারীবাগ ট্যানারি এলাকাকে একটি মিশ্র এলাকা হিসেবে গড়ে তুলতে কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

একই প্রশ্নের জবাবে রেজাউল করিম জানান, নগর পুনঃউন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য সমীক্ষা প্রতিবেদন পরিচালনার জন্য টার্মস অব রেফারেন্সস প্রণয়নের কাজ চলছে। এছাড়া নগর পুনঃউন্নয়ন ধারণা বাংলাদেশে নতুন হওয়ায় এর কারিগরি ও আর্থিক পৃষ্ঠপোষকতার জন্য বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধনের কাজও চলছে।

আওয়ামী লীগের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে গণপূর্ত মন্ত্রী বলেন, ‘ভিশন-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প আয়ের মানুষের সুবিধার জন্য ‘সবাব জন্য আবাসন’ নিশ্চিত করতে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে কাজ করছে। জমি পাওয়া সাপেক্ষে যুদ্ধাহত এবং অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে কুমিল্লায় ফ্ল্যাট প্রকল্প নেওয়া হবে।’