Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফুলকির ৩ দিনের শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব শুরু বৃহস্পতিবার


২১ জানুয়ারি ২০২০ ১৯:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: ছোটদের সাংস্কৃতিক জগৎ হিসেবে খ্যাত চট্টগ্রামের ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ‘ফুলকি’ তিনদিনের ‘শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের’ আয়োজন করেছে। আগামী বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এর উদ্বোধন হবে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের দ্বিশতবছর এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে উৎসবের দু’দিন এই দুজন মনীষীর নামে উৎসর্গ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে নগরীর নন্দনকাননে ফুলকি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত জানানো হয়েছে। এসময় ফুলকি ট্রাস্টের সভাপতি একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন এবং প্রতিষ্ঠানটির অধ্যক্ষ শীলা মোমেন বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফুলকির নির্বাহী সচিব মুবিদুর রহমান সুজাত জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটায় শিল্পকলার মুক্তমঞ্চে ব্রতচারী নৃত্য, কারাতে এবং উদ্বোধনী নাচ-গানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। উদ্বোধন মঞ্চে অতিথি হিসেবে থাকবেন শিশু ছড়াকার ও সাহিত্যিক সঞ্জীব বড়ুয়া, রাশেদ রউফ, ওমর কায়সার, সুজন বড়ুয়া, বিশ্বজিৎ চৌধুরী, ফেরদৌস আরা আলীম, অধ্যক্ষ রীতা দত্ত এবং কবি আবুল মোমেন ও শীলা মোমেন। ২২ শিশু মিলে বঙ্গবন্ধু ও বিদ্যাসাগরের লেখা ৪৪ বাণী টাঙানো, জাদু, সোনার তরীর সাংস্কৃতিক অনুষ্ঠান, শাস্ত্রীয় নৃত্যানুষ্ঠান এবং নাটক ‘পুঁথি পড়া, পাখি পড়া’ পরিবেশিত হবে প্রথম দিন।

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার উৎসর্গ করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এদিন সকালে চারু ও কারুকলা নিয়ে শিশুদের অংশগ্রহণে কর্মশালা হবে, যাতে মাটির টেরাকোটার কাজ শেখাবেন ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক নিয়াজ মজুমদার। স্লাইডে বিদ্যাসাগরের জীবন ও কর্ম নিয়ে ৩০ মিনিটের ৩টি প্রদর্শনী, নাটকের গান, এবং সন্ধ্যায় থাকবে মিশরীয় মিথের ওপর তৈরি পরিবেশনা: রাজত্ব পুরান এবং শিশুদের জন্য বড়দের পরিবেশনা-রক্তকরবীর সাংস্কৃতিক অনুষ্ঠান।

উৎসবের তৃতীয় দিন শনিবার উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এদিনের আয়োজনে আছে-সকালে তাঁতের কর্মশালা, বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে জীবনীপাঠ ও ছড়া আবৃত্তি। ইংরেজি কোর্সের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘লেটস্ প্লে উইথ ইংলিশ’। এরপর বঙ্গবন্ধুকে নিয়ে শিশুদের সাথে মুক্ত আলোচনা। শনিবার রাতে ঢোল, বাজি ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হবে।

শীলা মোমেন বলেন, ‘আমরা শুরু থেকেই বলছি, শিক্ষার সঙ্গে সংস্কৃতিচর্চা হাত ধরাধরি করে চলা জরুরি। সেভাবেই আমাদের পাঠক্রম ও স্কুলের কার্যক্রম চলে। নিয়মিত স্কুলভিত্তিক কাজের বাইরে ফুলকিতে প্রতিবছর বাংলা নববর্ষকে ঘিরে বড় করে তিনদিনের ছোটদের বৈশাখী মেলা আয়োজিত হচ্ছে বহু বছর ধরে। ২০১৮ সাল থেকে বড় আকারে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হচ্ছে। এ বছরের উৎসবে বঙ্গবন্ধু এবং বিদ্যাসাগরকে শিশু-কিশোরদের সামনে বিশেষভাবে উপস্থাপন করা হবে।’

আবুল মোমেন বলেন, ‘আমাদের উৎসবে যেসব পরিবেশনা থাকবে সেগুলো গতানুগতিক নয়। ভিন্নধর্মী আয়োজন, আমাদের শিশুরা অনেক কষ্ট করে একমাস ধরে অনুশীলনের মাধ্যমে নিজেদের তৈরি করেছে এবং সেটাই পরিবেশন করবে। আমরা আশা করছি, শিশু-কিশোরদের উৎসাহ দিতে বড়রাও উৎসবে আসবেন। সবাইকে নিয়ে আনন্দের সাথে আমরা স্মরণীয় তিনটি দিন কাটাবো।’

সংবাদ সম্মেলনে কবি ও সাংবাদিক ওমর কায়সার, ফুলকিরসহ অধ্যক্ষ খুরশীদা বেগম, ট্রাস্টি বোর্ডের সদস্য রত্না ধর ও জিনাত ইসলাম ছিলেন।