Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াতকে মির্জা ফখরুল / ‘৭১-এর ভূমিকার জন্য একবারও ক্ষমা চাইলেন না’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ২৩:৫৯

জাতীয় সংসদের অধিবেশনে কথা বলছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের উদ্দেশে বলেছেন, ৭১ সালের ভূমিকার জন্য আপনারা একবারও ক্ষমা প্রার্থনা করলেন না। জাতির সামনে আপনাদের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল। কিন্তু আপনারা তা করতে পারেননি।

তিনি বলেন, উপরন্তু আপনাদের নেতা গোলাম আজম সাহেব বলেছিলেন ৭১-এ আমরা ভুল করিনি। এখনো সময় আছে এবং আপনাদের ভেবে দেখা উচিত। বাংলাদেশ সম্পর্কে ধারণা পরিষ্কার করে দেশের মানুষকে জানানো উচিত। আপনারা যদি এই ভুল স্বীকার করে নেন, তবে আপনাদের রাজনীতি অনেক সহজ হয়ে যাবে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। একই সঙ্গে নতুন প্রজন্মের রাজনৈতিক দল ‘এনসিপি’কে অতীতের কোনো ‘স্টিগমা’ বা কলঙ্ক বয়ে না নিয়ে রাজনীতিতে আরও পরিষ্কার অবস্থান তৈরির পরামর্শ দেন তিনি। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বিজ্ঞাপন

তরুণ প্রজন্মের দল ‘এনসিপির’ পার্লামেন্টারি পারফরম্যান্সের প্রশংসা করে মন্ত্রী বলেন, ‘আমি আনন্দিত যে, এই নবীনরা ভালো পারফরম্যান্স শো করছেন।’ তবে তিনি আশা প্রকাশ করেন যে, তারা তাদের রাজনীতি আরও পরিষ্কার করবে। এমন কোনো ‘স্টিগমা’ বা কলঙ্ক নিয়ে যেন তারা পরবর্তীতে না থাকে, যারা বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নকেই অস্বীকার করেছিল। এই নবীন দলটির ভবিষ্যতের প্রতি শুভকামনাও জানান তিনি।

বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’- এই তিন মূল ভিত্তির ওপর বাজেট সাজিয়েছেন। আগামী একবছরে অর্থনীতি স্থিতিশীল করা, তিন বছরে সংস্কার এবং পাঁচ বছরের মধ্যে কাঠামোগত রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, “২০০২ সালে চীন সফরের সময় সে দেশের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সামনে তারেক রহমানকে বলেছিলেন, ‘ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার অ্যান্ড মাদার’। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই স্বাধীনতার পতাকা, গণতন্ত্রের পতাকা ও সার্বভৌমত্বের পতাকা নিয়ে ফের চীন গিয়েছিলেন।’

সেই পতাকা নিয়েই প্রধানমন্ত্রী ফিরে এসেছেন এবং দেশের এই অগ্রযাত্রায় বিজয় অনিবার্য বলেও মন্তব্য করেন স্থানীয় সরকারমন্ত্রী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর