জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ড: সায়েম আমীর ফয়সল বলেছেন, ‘প্রবৃদ্ধি যে হারে বাড়ছে সাম্য কী একইভাবে বাড়ছে? কেউ থাকে আলিশান বাড়িতে, আবার কেউ রাস্তার ঢালে। একজন পোলাও-কোর্মা খায়, আরেকজন সপ্তাহেও গরুর গোশত পায় না। প্রবৃদ্ধির হার যেভাবে বাড়ছে, বৈষম্যও সেভাবে বাড়ছে। দুর্নীতির দায়ে চুনোপুঁটিদের ধরা হচ্ছে। কিন্তু রাঘব বোয়ালদের ধরা হচ্ছে না ।’
রবিবার (২৯ ডিসেম্বর) রাতে রংপুর শহরের টাউন হলে রংপুর জেলা ও মহানগর জাকের পার্টির উদ্যোগে এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কনকনে শীতের রাতেও জাকের পার্টি ও সহযোগী সংগঠনসমূহের অনেক নেতা-কর্মী ও সমর্থক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
সায়েম আমির ফয়সল বলেন, ‘আমরা প্রতিহিংসা, প্রতিশোধ ও রক্তপাতের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মানবসেবা ও জনকল্যাণের রাজনীতিতে। আমাদের যদি ক্ষমতার মোহ থাকতো, তাহলে ২০ বছর আগেই আদর্শ বিক্রি করে সংসদে যেতে পারতাম। কিন্তু আমরা তা করি নাই। মনে রাখতে হবে, বট গাছের নিচে ছোট গাছ টিকে থাকে না।’
তিনি দাবি করেন, ‘জাকের পার্টি একমাত্র রাজনৈতিক দল যারা ৩৩.৩৩ ℅ নারী নেতৃত্ব অন্তর্ভুক্ত করে কমিটি জমা দিয়েছে। জাকের পার্টির সবকিছু স্বচ্ছ। আমরা আমাদের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছি।’
ড. সায়েম আমীর ফয়সল আরো বলেন, ‘জাকের পার্টির বয়স ৩০ বছর । যদিও এখনো পর্যন্ত সংসদে আমরা একটা আসনও পাইনি। লেবাস বিক্রির রাজনীতি আমরা করি না। আমার ইসলাম কিন্তু আমার টুপি-দাড়ি পাঞ্জাবিতে না। কর্মই আমার ধর্ম। ইসলাম পালন করার নয়, আমরা ইসলাম কায়েম করতে এসেছি।’