Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বসুন্ধরা, উত্তরা, ধানমন্ডির ফ্ল্যাটে ক্রেতাদের আগ্রহ


২৮ ডিসেম্বর ২০১৯ ১৪:০৯ | আপডেট: ২৮ ডিসেম্বর ২০১৯ ১৮:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজধানীর বসুন্ধরা, উত্তরা, ধানমন্ডি এলাকার ফ্ল্যাটে বেশি আগ্রহ ক্রেতাদের। শীতকালীন রিহ্যাব মেলায় এসব এলাকার ফ্ল্যাটই বেশি বিক্রি করছে আবাসন কোম্পানিগুলো।

শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত রিহ্যাব মেলার শেষ দিনে আবাসন কোম্পানিগুলোর সাথে কথা বলে এই তথ্য জানা গেছে।

মেলায় অংশ নেওয়া ডোমিনো ক্রিয়েশনের সহকারি জেনারেল ম্যানেজার আব্দুল্লাহ আল-মামুন জানান, মেলায় বসুন্ধরা, ধানমন্ডি, উত্তরা এলাকার ফ্ল্যাটে বেশি আগ্রহ ক্রেতাদের। এই মেলায় তারা ৪টি ফ্ল্যাট বিক্রি করেছেন।

উত্তরায় ডোমিনোর বিভিন্ন আকারের ফ্ল্যাট রয়েছে। উত্তরায় তাদের ২৫৭৫ স্কয়ার ফিটের প্রতি ফ্ল্যাটের দাম পড়বে প্রায় ৪ কোটি টাকা। যার প্রতি স্কয়ার ফিটের মূল্য ১২ হাজার ৮শ টাকা। ধানমন্ডিতে ২২২৫ স্কয়ার ফিটের ফ্ল্যাটের দাম পড়বে প্রায় ৪ কোটি টাকা।

বিজ্ঞাপন

ডোমিনো ক্রিয়েশনে আসা ড. মো শাহজাহান বলেন, আমি আগেও ডোমিনো থেকে ফ্ল্যাট কিনেছি। ২০০৪ সালে আমি একটি ফ্ল্যাট কিনি। তবে তখনকার তুলনায় এখন দাম প্রায় ৭ গুন বেশি। দাম একটু কম হলে ক্রেতাদের আগ্রহ আরও বেশি থাকতো। তবে ডোমিনোর প্রতি আগ্রহ থাকার কারণ তাদের ডিজাইন ভাল। তাই এবারও একটি ফ্ল্যাট তাদের কাছ থেকে কিনলাম।

র‌্যাঙগস প্রোপার্টিজের সহকারি ম্যানেজার জাবেদ সারাবাংলাকে বলেন, আমাদের বেশির ভাগ ফ্ল্যাট উত্তরাতে বিক্রি হয়েছে। এবারের মেলায় আমরা ৬টি ফ্ল্যাট বিক্রি করেছি। উত্তরাতে আমাদের রয়েছে ৩২শ স্কয়ার ফিট থেকে সাড়ে ৪ হাজার স্কয়ার ফিটের ফ্ল্যাট। ৩২ শ স্কয়ার ফিটের প্রতি ফ্ল্যাটের দাম পড়বে ৪ কোটি ৪৫ লাখ টাকা।

কনকর্ড গ্রুপের সেলস এক্সিকিউটিভ আফজাল হোসেন বলেন, আমাদের ৭টি ফ্ল্যাট বিক্রি হয়েছে যা সব ধানমন্ডিতে। ধানমন্ডিতে আমাদের রয়েছে ২১২০ স্কয়ার ফিটের ফ্লাট। যার দাম পড়বে প্রায় ৩ কোটি টাকা।

কনকর্ড গ্রুপের ক্রেতা হুমায়রা নাহার বলেন, মেলায় এবার ফ্ল্যাটগুলোর দাম একটু বেশি। তবে দাম একটু কম হলে আমাদের মতো ক্রেতাদের জন্য ভাল হতো। তবে এক ছাদের নিচে সকল আবাসন কোম্পানির সেতুবন্ধন হওয়ায় ভালটা খুঁজে নিতে সুবিধা হয়েছে।

অ্যাসিউর ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ আবিদ হোসেন সারাবাংলাকে বলেন, মেলায় আমাদের ৪টি ফ্ল্যাট বিক্রি হয়েছে। যা উত্তরা এবং বসুন্ধরাতে। বসুন্ধরায় আমাদের ১৬০০ স্কয়ার ফিট থেকে সাড়ে ৪ হাজার স্কয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। বসুন্ধরায় আমাদের ১৬শ স্কয়ার ফিটের ফ্ল্যাটের দাম পড়বে দেড় কোটি টাকা। উত্তরায় ১৭শ স্কয়ার ফিটের ফ্ল্যাট দাম পড়বে ১ কোটি ৬০ লাখ টাকা।

অ্যাসিউর ডেভেলপমেন্টের স্টলে ফ্ল্যাট কিনতে আসা বেসরকারি চাকুরিজীবী রায়হানুজ্জামান সারাবাংলাকে বলেন, অধিকাংশ আবাসন প্রতিষ্ঠানগুলোর ফ্ল্যাটের দাম একটু বেশি। গতবছর আমরা যে দাম দেখেছি এবছর তার চেয়ে দাম বেশি। ফলে আমাদের ইচ্ছা থাকলেও সাধ্যের বাইরে দাম হওয়ায় অনেকটা নিরাশ হতে হচ্ছে।

মেলার সার্বিক বিষয় নিয়ে রিহ্যাবের প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া সারাবাংলাকে বলেন, মেলায় এক স্থানে সবকিছু আছে। ব্যাংক ফ্যাসিলিটি থেকে সবকিছু আমরা এক ছাদের নিচে সার্ভিস দিচ্ছি। ফ্ল্যাটের দাম কিছুটা হলেও বেশি এ বিষয়ে তাদের কিছু করার নেই। এটা নির্ভর করে লোকেশনের উপর। ভাল লোকেশন হলে বেশি দাম হওয়াটাই স্বাভাবিক। তবে ক্রেতাদের উচিত কয়েকটি আবাসন প্রতিষ্ঠান দেখে ফ্ল্যাট কেনা। তাহলে কারা বেশি নিচ্ছে আর কারা কম দামে বিক্রি করছে সেটা যাচাই করা সহজ হয়। তবে আমরা একটা কথাই বলতে চাই, কেউ যেন কোনো ধরনের সেবার মাধ্যমে প্রতারিত না হন। সবকিছু যাচাই-বাছাই করেই ফ্ল্যাট কিনবেন তাহলে সেটাই হবে এই মেলার স্বার্থকতা।