চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ১৫ মামলার আসামি স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতারের কথা জানিয়েছে খুলশী থানা পুলিশ।
সোমবার (২ ডিসেম্বর) রাতে নগরীর পাহাড়তলী কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রনব চৌধুরী।
গ্রেফতার ওয়াকিল হোসেন বগা (২৮) খুলশী ওয়ারলেস কলোনির ২ নম্বর লেইনের বাসিন্দা এবং ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানিয়েছে পুলিশ।
ওসি প্রনব চৌধুরী সারাবাংলাকে বলেন, গ্রেফতারের সময় ওয়াকিলের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক, নাশকতা, ডাকাতি ও মাদক আইনে মোট ১৫টি মামলা বিচারাধীন আছে।
‘স্বেচ্ছাসেবক দলের রাজনীতিতে জড়িত ওয়াকিল হোসেন বগা একজন কুখ্যাত সন্ত্রাসী। এলাকায় চাঁদাবাজির বেশ কয়েকটি মৌখিক অভিযোগ পাবার পর আমরা তাকে গ্রেফতারের জন্য খুঁজছিলাম।’ বলেন ওসি
গ্রেফতার ওয়াকিলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।