Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার পথে ফাঁদসহ আটক ৬০


৫ নভেম্বর ২০১৯ ১২:৫৮ | আপডেট: ৫ নভেম্বর ২০১৯ ১৩:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগেরহাট:  সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদ ও ট্রলারসহ ৬০ জনকে আটক করেছে বনবিভাগ। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আগামী ১০ নভেম্বর দুবলার আলোরকোলে শুরু হতে যাওয়া রাস মেলা উপলক্ষে হরিণ শিকারের উদ্দেশ্যে এই দলটি সুন্দরবনে প্রবেশ করছিল বলে দাবি করছে বনবিভাগ। আটককৃতদের বনবিভাগের চাঁদপাই রেঞ্জ কার্যালয়ে রাখা হয়েছে। এদের সবার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান সারাবাংলাকে বলেন, মঙ্গলবার সকালে একদল চোরা-শিকারি হরিণ শিকারের ফাঁদ নিয়ে সুন্দরবনে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের একটি দল চাঁদপাই রেঞ্জের জয়মনি এলাকায় অভিযান চালায়। সেখানে তিনটি ট্রলারে তল্লাশি চালিয়ে ৬০ জনকে আটক করা হয়। এসময় ট্রলারগুলোতে হরিণ শিকারের ফাঁদ, ধারালো দা, কুড়ালসহ নানা সরঞ্জাম উদ্ধার করে বনকর্মীরা।

বিজ্ঞাপন

তিনি বলেন, এই চোরা শিকারিদের কাছে বনবিভাগের কোন পাস পারমিট নেই। আগামী ১০ তারিখ থেকে সুন্দরবনের দুবলারচরে পূণ্যার্থী ও ভক্তদের সুন্দরবনে ঢোকার অনুমতি দেবে বনবিভাগ।

মো. মাহমুদুল হাসান আরও বলেন, চোরা শিকারিদের সবার বাড়ি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নে হওয়ায় আমরা ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে খবর পাঠিয়েছি। তিনি আটকদের সনাক্ত করার পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।