ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৮ জুন) মামলার তদন্ত কর্মকর্তা মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। পরে তাকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে হাজির করা হলে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন শহীদ তাজউদ্দীন আহমদ সরণিতে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী একটি অবৈধ মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।
আবেদনে আরও উল্লেখ করা হয়, অভিযানের সময় কয়েকজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, একটি প্রেস কার্ড, ককটেল তৈরির সরঞ্জাম এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার ভাষ্য, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে আসামির সম্পৃক্ততা যাচাই, নাশকতার অর্থদাতা ও পরিকল্পনাকারীদের শনাক্ত এবং ককটেল তৈরির উৎস উদঘাটনের স্বার্থে নূর মোহাম্মদকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত নূর মোহাম্মদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, শনিবার (২৭ জুন) রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে নূর মোহাম্মদকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।