Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজাকারের তালিকা করতে চিঠি যাবে জেলা প্রশাসকদের কাছে


২৯ অক্টোবর ২০১৯ ২২:৪২ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৯ ২৩:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: রাজাকারের তালিকা চূড়ান্ত করতে জেলা প্রশাসকদের কাছে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার (২৯ অক্টোবর) একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাজাকারদের তালিকা চূড়ান্ত করার বিষয় নিয়ে আলোচনা হয় স্থায়ী কমিটির বৈঠকে। আলোচনায় সিদ্ধান্ত হয়, এই তালিকা চূড়ান্ত করার জন্য নির্বাচন কমিশন সচিবালয় এবং প্রত্যেক জেলা প্রশাসককে চিঠি পাঠানো হবে। এর মাধ্যমে রাজাকারদের তালিকা সংগ্রহ করা হবে।

বৈঠকে স্বল্প সুদে মুক্তিযোদ্ধাদের ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া গুলিস্তান শপিং কমপ্লেক্সের বর্তমান অবস্থা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড গঠন, গজনবী রোড, কলেজ গেট মোহাম্মদপুরে অবস্থিত মুক্তিযোদ্ধা টাওয়ার-১-এর বরাদ্দ এবং গজনবী রোডের বাড়ি নম্বর ১/৬-এর সর্বশেষ অবস্থা, উপকমিটিগুলোর কার্যক্রমের সার্বিক অবস্থা এবং অন্যান্য বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

বৈঠকে মুক্তিযুদ্ধের নাম ব্যবহারকারী সংগঠনগুলোর নাম, ঠিকানা ও রেজিস্ট্রেশন ইত্যাদি সঠিকভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সংগঠনগুলোকে নিবন্ধিত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। যেসব জেলা বা উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স তালাবদ্ধ অবস্থায় আছে, সেগুলো খুলে দিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্যও সিদ্ধান্ত হয়। পাশাপাশি চূড়ান্তভাবে যাচাই-বাছাই হওয়া মুক্তিযোদ্ধাদের তালিকা গেজেট আকারে প্রকাশেরও সিদ্ধান্ত নেয় স্থায়ী কমিটি।

কমিটির সভাপতি শাজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, রাজি উদ্দিন আহমেদ, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম, কাজী ফিরোজ রশীদ ও ওয়ারেসাত হোসেন বেলাল অংশ নেন।