।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ‘আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ডা. শওকত আলীর মৃত্যুতে শোকাহত রূপগঞ্জের সর্বস্তরের মানুষ।’
শুক্রবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শহীদ বকুল স্মৃতি সংসদ অডিটোরিয়ামে প্রয়াত রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.শওকত আলীর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাজপথের পরীক্ষিত এ নেতার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়েছে। এ শূন্যতা রূপগঞ্জবাসী অনুভব করবে যা কখনো পূরণ হবে না। দীর্ঘ রাজনৈতিক জীবনে নীতি ও আদর্শের প্রতি তিনি ছিলেন অনড়। তার মৃত্যুতে রূপগঞ্জবাসী যে কি হারালো তা বোঝার জন্য তার মতো আরেকজন মানুষের প্রয়োজন পড়বে।’
শহীদ বকুল স্মৃতি সংসদের সভাপতি শামীম মাহাবুবের সভাপতিত্বে স্মরণ সভায় আরো বক্তব্য রাখেন তারাবো পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ভুঁইয়া, শহীদ বকুল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান ভুঁইয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, তারাবো পৌরসভার কাউন্সিলর নজরুল ইসলাম মফিজসহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি রাত সাড়ে ১০টায় রাজধানীর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রূপগঞ্জ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা.শওকত আলী মারা যান।
সারাবাংলা/এসবি