ঢাকা: রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটের একটি ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (৩২) নামে এক চিকিৎসকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬জুন) বিকেলের দিকে মার্কেটের ১৪ তলার একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মৃত নাজুলা ফেরদৌসের বাড়ি খুলনা জেলার ফুলতলা থানার পয়গ্রামে। বাবার নাম আব্দুর রশিদ। তিনি অবিবাহত ছিলেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. একরামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে সংবাদ পেয়ে আজিজ সুপার মার্কেটের ১৪তলার তলার ৮/এস ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে খাটের ওপর বসে টেবিলের ওপর মাথা দেওয়া অবস্থায় ছিল। মরদেহটি পচনশীল ছিল।
তিনি আরও জানান, মৃত ফারা ফেরদৌস সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ৩৯ তম বিসিএস উত্তীর্ণ হয়েছিলেন। বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে এমএস কোর্স করছিলেন। আজিজ সুপার মার্কেটের ওই কক্ষে একাই থাকতেন তিনি। তার বড় বোন নাজুলা ফেরদৌস আজিজ সুপার মার্কেটের অন্য একটি ফ্ল্যাটে থাকেন। তিনিও মেডিকেলের চিকিৎসক। মঙ্গলবার (২৩ জুন) বোন ফারা ফেরদৌসের সঙ্গে শেষ কথা হয়। এর পর আর কথা হয়নি।
এস আই জানান, আজ পাশের ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে বোন নাজুলা ফেরদৌসকে জানান, এবং পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আবার অতিরিক্ত পড়াশুনার কারণে ডিপ্রেশন থেকে ঘুমের ওষুধ সেবন করতে পারে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।