Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন জুনে


১ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৭ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

চট্টগ্রাম ব্যুরো: আগামী জুন মাসে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের উপস্থিতিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্যদের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ২০১৩ সালে এই ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন। ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে ছিলেন এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় ইউনিভার্সিটিতে আরও কয়েকটি ভবন নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

নগরীর জিইসি মোড়ের প্রিমিয়ার ইউনিভার্সিটি ভবনে এই বোর্ডের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাসিনা মহিউদ্দিন, রেমন্ড আরেং, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বোরহানুল হাসান চৌধুরী, অরুণ দাশগুপ্ত ও সাবিহা মুসা। এসময় প্রিমিয়ার ইউনিভার্সিটির রেজিস্ট্রার মো. খুরশিদুর রহমানও সভায় উপস্থিত ছিলেন।

শিক্ষা উপমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দ্বিতীয় দফায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভায় যোগ দিলেন মহিবুল হাসান চৌধুরী নওফেল। তার বাবা প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময় উদ্যোগ নিয়ে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন।

মহিউদ্দিনের সন্তান মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রামের কোতোয়ালী-বাকলিয়া আসন থেকে এবারের জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়া শেখ হাসিনার মন্ত্রিসভায়ও স্থান পেয়েছেন তরুণ এই রাজনীতিক।

সারাবাংলা/আরডি/এমও