Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত আসনে আলোচনায় ভোলার ছয় নারী


১৫ জানুয়ারি ২০১৯ ০৪:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে ভোলা থেকে প্রার্থী হতে বর্তমান মহিলা এমপিসহ স্থানীয় মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগ নেতারা ইতিমধ্যেই দলের হাইকমান্ড পর্যায়ে তদবির শুরু করেছেন। এলাকায় নিজেদের অবস্থান এবং দলীয় কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার বিভিন্ন দিক তুলে ধরছেন তারা।

এক্ষেত্রে এগিয়ে রয়েছেন বর্তমান মহিলা এমপি ও ভোলা জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট মমতাজ বেগম, ভোলা জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান (মহিলা) অধ্যক্ষ শাফিয়া খাতুন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা চৌধুরী, ভোলা জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না, কেন্দ্রীয় যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক শারমিন আলম আরজু এবং লালমোহন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমি।

বিজ্ঞাপন

অ্যাডভোকেট মমতাজ বেগম: তিনি বর্তমান মহিলা এমপি ও ভোলা জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত-৩১৫ (ভোলা-বরিশাল-৪৫) আসনে মহিলা এমপি মনোনীত হন। মমতাজ বেগমের বাবা বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন খান ১৯৬৬ সালে ভোলা জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। অ্যাডভোকেট মমতাজ বেগম ২০১০ ভোলা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।

খাদিজা আক্তার স্বপ্না: মহিলা আসনের সংসদ সদস্য পদে মনোনয়ন চেয়ে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন ভোলা জেলা যুব মহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না। নারী সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটূক্তি করায় ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে ভোলার আদালতে মানহানি মামলা দায়ের করে আলোচনায় আসেন তিনি। তার বাবা মো. মোতাহার হোসেন মিয়া সদর উপজেলার ইলিশা ইউ. সি. মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন ও ইলিশা ইউনিয়ন আওয়ামী লীগের দীর্ঘ দিনের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। খাদিজা আক্তার স্বপ্নার স্বামী মো. রফিকুর রহমান ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।

খাদিজা আক্তার স্বপ্না ভোলার বাংলা বাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজে শিক্ষকতা করছেন। এছাড়া বাংলাদেশ যুব মহিলা লীগ ভোলা জেলার আহবায়ক, জেলা মহিলা ক্রিড়া সংস্থার যুগ্ম সম্পাদক, জেলা ক্রিড়া সংস্থার নির্বাহী সদস্য, মহিলা ক্লাবের সাধারণ সম্পাদক, মহুয়া নারী কল্যাণ সমিতির সভানেত্রী, জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি, ভোলা আবৃত্তি সংসদের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও পালন করছেন খাদিজা আক্তার স্বপ্না।

অধ্যক্ষ শাফিয়া খাতুন: ভোলা জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ শাফিয়া খাতুন এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন। শাফিয়া খাতুনের  স্বামী অ্যাডভোকেট সৈয়দ আশরাফ হোসেন লাভু দীর্ঘদিন ভোলা জেলা আওয়ামীলীর সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন।

সেলিনা চৌধুরী: ভোলার মনপুরা উপজেলার বর্তমান চেয়ারম্যান সেলিনা চৌধুরী। তার স্বামী জাফর উল্ল্যাহ চৌধুরী এক সময় ভোলা-৪ আসনের এমপি ছিলেন।  উপজেলা চেয়ারম্যান হিসেবে সেলিনা চৌধুরী বেশ জনপ্রিয়।

এছাড়াও ভোলার সংরক্ষিত নারী আসনে আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদিকা শারমিন আলম আরজু ও লালমোহন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমি।

পাঁচটি পৌরসভা ও ৬৯ ইউনিয়ন নিয়ে গঠিত ভোলা জেলার মোট লোকসংখ্যা ২০,৩৭,২০১ জন। যার অর্ধেক মহিলা।

সারাবাংলা/এজেড/আরএ