Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বেনজীরকে ফিরিয়ে আনতে এখনও দুবাই থেকে জবাব মেলেনি’

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ জুন ২০২৬ ১৫:৪১ | আপডেট: ২৬ জুন ২০২৬ ১৬:০৩

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ঢাকা: দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে দেশটির তরফ থেকে এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, ‘আমরা প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। আমাদের দূতাবাস সেসব ইউএই সরকারের কাছে হস্তান্তর করেছে। এটা হচ্ছে সর্বশেষ অবস্থা। ইউএই সরকারের তরফ থেকে আমাদেরকে এখনো কিছু জানানো হয় নাই। আশা করি খুব শিগগিরই জানানো হবে।’

শুক্রবার (২৬ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেনজির আহমেদকে গ্রেফতারের খবর দুবাই থেকে মেইলে জানানোর পর তার ৩০ দিনের মধ্যে তারা কাগজপত্র পাঠানোর জন্য বলেছিল। কিন্তু তিন দিনের মধ্যেই তাদের সেসব প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দেওয়া হয়।’

বেনজীর অন্য দেশের পাসপোর্ট বহন করছেন বলে জানা যাচ্ছে, ফলে তাকে ফেরানো কঠিন কিনা- এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা এখনো ইউএই সরকারের রিপ্লাইয়ের জন্য অপেক্ষা করছি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কে আমরা যতটুকু জানি সে ফেডারেল পুলিশের কাছেই আছে, তাদের হেফাজতে আছে। অন্য কোনো সংবাদ আমরা জানি না।’

ওসমান হাদি হত্যার অভিযোগে ভারতে গ্রেফতারদের ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘আমরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে তাদেরকে ফেরত পাওয়ার জন্য চুক্তি মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র এবং ওয়ারেন্ট তখনই পাঠিয়েছি। আমরা অপেক্ষা করছি, আশা করি তাদেরকে আমরা ফেরত পাব। সেইসঙ্গে তদন্ত সম্পন্ন করে আমরা যথাযথভাবে চার্জশিট প্রদান করতে পারব।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর