।। বেরোবি করেসপন্ডেন্ট ।।
বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী বুধবার (৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে। পরদিনই (বৃহস্পতিবার) ভর্তি হতে হবে শিক্ষার্থীদের।
ভর্তি কমিটি সূত্র জানায়, আগামী ৯ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাক্রম অনুসারে অনুষদভিত্তিক মেধা তালিকা ধরে সাক্ষাৎকার গ্রহণ ও তাদের বিভাগ পছন্দের সুযোগ দেওয়া হবে। ওইদিন রাত ১০টায় বিভাগ নির্ধারণ করে নির্বাচিতদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পরদিন (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভর্তি কার্যক্রম। একদিনই থাকবে ভর্তির সুযোগ। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি কমিটি সূত্র আরও জানায়, নির্ধারিত সময়ে কোনো প্রার্থী ভর্তি হতে ব্যর্থ হলে তিনি আর সুযোগ পাবেন না। আসন খালি থাকা সাপেক্ষে ১৩ জানুয়ারি প্রথম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে। ২২ জানুয়ারি তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ওইদিন রাত ১০টায় বিষয় নির্ধারণ করে নির্বাচিতদের তালিকা প্রকাশ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরদিন ২৩ জানুয়ারি ভর্তির সুযোগ দেওয়া হবে।
এবার বিশ্ববিদ্যালয়টির ছয়টি অনুষদের অধীনে ২১টি বিভাগে ১ হাজার ৩১৫টি সাধারণ আসনের পাশাপাশি একাধিক কোটায় ভর্তির সুযোগ পাবে শিক্ষার্থীরা। কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার ও ভর্তির সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পরবর্তীতে জানানো হবে। এ সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.brur.ac.bd) পাওয়া যাবে।
সারাবাংলা/এটি