নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় মো. শাহাদাত (২৩) নামে এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তার পরিবারের অভিযোগ, আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কয়েকজন তাকে লক্ষ্য করে গুলি ছুড়েছেন। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে গুলি ছোড়ার কোনো আলামত পাওয়া যায়নি; স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ জুন) রাত ৯টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শ্রীপুর স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শাহাদাত খিলপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তিনি ওই এলাকার আবুল কাশেমের ছেলে।
শাহাদাতের বড় ভাই ও যুবদল নেতা মো. হাবীব অভিযোগ করে বলেন, ‘শাহাদাত ছাত্রদল ও আমি খিলপাড়া ইউনিয়ন যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। ৫ আগস্টের পর থেকে আমি স্থানীয় আওয়ামী লীগ নেতাদের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিই। ওই স্ট্যাটাসের জের ধরে স্থানীয় কিছু আওয়ামী লীগের লোকজন আমাদের দুই ভাইকে নানাভাবে হুমকি-ধমকি দেয়। পরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা মফিজ ও রহিম হাজীর ইন্ধনে কিছু যুবলীগ নেতা শাহাদাতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে যুবলীগ নেত জাবেদ, মোরশেদ, মাসুম ও রিয়াদের নেতৃত্বে শাহাদাতকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে শাহাদাতের তলপেট ও উরুতে ২৬টি ছররা গুলি লাগে। আমরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করি।’
এদিকে, অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত মফিজ ও রহিম হাজীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘বিকেলে এলাকার কিশোরদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে অভিভাবকরা দুই পক্ষ হয়ে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষের ঘটনা ঘটে।’
তিনি আরও বলেন, ‘শাহাদাতের পরিবার গুলিতে আহত হওয়ার অভিযোগ করেছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিকভাবে গুলি ছোড়ার কোনো আলামত পায়নি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’