Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সাড়ে ৩ লাখ মেট্রিক টন সার ও দুই কার্গো এলএনজি আমদানি করবে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ আগস্ট ২০২৬ ১৯:১৫

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: চার ক্যাটাগরির সাড়ে ৩ লাখ মেট্রিক টনের অধিক সার ও দুই কার্গো এলএনজি আমদানিসহ ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।’

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠক শেষে অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুটি প্রস্তাবের বিপরীতে সৌদি আরব (প্রতি মেট্রিক টন ৩৮০.৮৩ ডলার দরে ৪০ হাজার মেট্রিক টন) ও কাফকো (প্রতি মেট্রিক টন ৩৫৯.৫০ ডলার দরে ৩০ হাজার মেট্রিক টন) থেকে মোট ৭০ হাজার মেট্রিক টন ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এতে মোট ব্যয় হবে ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকা।

বিজ্ঞাপন

এছাড়া বৈঠকে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ১ হাজার ৩২৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে বিএডিসি’র মাধ্যমে তিনটি পৃথক প্রস্তাবে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন ডিএপি সার (প্রতি মেট্রিক টন ৮৯৪ ডলার দরে ৮০ হাজার মেট্রিক টন ও ৮৯১ ডলার দরে ৪০ হাজার মেট্রিক টন) আমদানি; ৫৪৬ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে তিনটি পৃথক প্রস্তাবে ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন এমওপি সার (প্রতি মেট্রিক টন ৩৮৩.৮০ ডলার দরে) আমদানি; এবং ৫০০ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে দুটি পৃথক প্রস্তাবে ৬০ হাজার মেট্রিক টন টিএসপি সার (প্রতি মেট্রিক টন ৬৭৮ ও ৬৬৮ ডলার দরে) আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয় জানায়, বৈঠকে স্পট মার্কেট থেকে দুটি এলএনজি কার্গো আমদানির একটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি এমএমবিটিইউ ২৪.৫২৫ ডলার দরে একটি কার্গো কেনা হবে ‘পস্কো ইন্টারন্যাশনাল কর্পোরেশন’ থেকে এবং অপরটি প্রতি এমএমবিটিইউ ২৪.২৫ ডলার দরে কেনা হবে যুক্তরাজ্যের ‘টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’ থেকে।

এছাড়া বৈঠকে ৪৬ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে বুড়িমারী স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিং কাজের ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব এবং ৪৮ কোটি টাকার ব্যয় বৃদ্ধির একটি ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।