ঢাকা: জনগণের স্বার্থ ও অধিকার রক্ষায় কোনো আপস করা হবে না বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
শুক্রবার (২৪ আগস্ট) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ আর্থ্রোস্কোপি অ্যান্ড আর্থ্রোপ্লাস্টি একাডেমি’ আয়োজিত ‘২য় ঢাকা ইন্টারন্যাশনাল নি সামিট ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটি অনুষ্ঠানে সহযোগিতা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, এমপি।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল অঙ্গীকার হলো সবার জন্য বিনামূল্যে প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা এবং সাশ্রয়ী মূল্যে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করা। দক্ষতা ও আধুনিক জ্ঞানের প্রকৃত মেলবন্ধন ঘটলেই চিকিৎসাসেবার বিদ্যমান চ্যালেঞ্জগুলো কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব। বর্তমান সুপার-স্পেশালাইজেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে স্বাস্থ্যসেবায় আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। দেশের ক্রমবর্ধমান স্বাস্থ্য চাহিদা মোকাবিলায় সংশ্লিষ্ট বিভাগ ও বিশেষজ্ঞদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
স্বাস্থ্য খাতকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে জাহিদ হোসেন বলেন, জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। স্বাস্থ্য খাতে এ ধরনের ঐতিহাসিক বরাদ্দ এবারই প্রথম। তবে চিকিৎসা শিক্ষা, চিকিৎসা সেবা, রোগ প্রতিরোধ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ও দক্ষ ব্যবহার নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে ছয়জন বিশেষজ্ঞ চিকিৎসককে ঢাকা আর্থ্রোপ্লাস্টি সোসাইটির পক্ষ থেকে ফেলোশিপ দেওয়া হয়। একই সঙ্গে ‘সেভ ইওর নীজ’ শীর্ষক একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডা. এম. আলী।