ঢাকা: গুলশান, বনানী ও বারিধারা লেকের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সার্বিক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।
শনিবার(২২ আগস্ট) পরিদর্শনের অংশ হিসেবে প্রতিমন্ত্রী গুলশান-বারিধারা লেকের কালাচাঁদপুর অংশে নির্মাণাধীন দৈনিক ২ লাখ লিটার সক্ষমতাসম্পন্ন পয়ঃবর্জ্য শোধনাগারের (এসটিপি) বর্তমান অগ্রগতি ও সার্বিক অবস্থা পরিদর্শন করেন।
এ সময় তিনি প্রকল্পের কাজ যথাযথভাবে ও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
পরে প্রতিমন্ত্রী বনানীর ১৮ নম্বর সড়ক ও কামাল আতাতুর্ক এভিনিউসংলগ্ন লেকের বিভিন্ন অংশে চলমান পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি লেকের পরিবেশ সংরক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে লেকের পরিবেশ সুরক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর করার পাশাপাশি পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।
এ সময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।