Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাতিরঝিলে ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আসামিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৭:২৬

ঢাকা: রাজধানীর হাতিরঝিল থানার ডিআইটি রোড এলাকায় গুলিতে নিহত ব্যবসায়ী ইয়াসিন খান পলাশ হত্যার ঘটনায় জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার এবং পরিবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের পরিবার।

শনিবার (২৩ আগস্ট) রামপুরার ৪৬০ ডিআইটি রোডে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত পলাশের মা মোসা. আমেনা বেগম লিখিত বক্তব্য দেন। এ সময় তার স্বামী মো. ইউনুস খানসহ পরিবারের সদস্য ও নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে আমেনা বেগম বলেন, গত ১২ জুন জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তার একমাত্র ছেলে ইয়াসিন খান পলাশকে খুব কাছ থেকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে ২০ জুন চিকিৎসাধীন অবস্থায় পলাশ মারা যান।

বিজ্ঞাপন

পরিবারের দাবি, গুলিবিদ্ধ অবস্থায় পলাশ নিজেই বাদী হয়ে হাতিরঝিল থানায় মামলা করেন। মামলা নম্বর ৮/২০২৬। পরে তার মৃত্যুর পর গত ৯ জুলাই তার মা আমেনা বেগম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন, যার নম্বর ৭২৩/২০২৬। বর্তমানে দুটি মামলাই গোয়েন্দা পুলিশের (ডিবি) অধীনে তদন্তাধীন রয়েছে বলে জানান তিনি।

আমেনা বেগম অভিযোগ করেন, পলাশ ইন্টারনেট ও ঠিকাদারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসার হিসাব-নিকাশ নিয়ে তার দুই বন্ধু হাসান ও মিরাজের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। পরবর্তী সময়ে ওই বিরোধে এলাকার কয়েকজন প্রভাবশালী ও সন্ত্রাসী যুক্ত হয় বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি মোবাইল টিপু, সাইফুল কন্ট্রাক্টর, বিল্লাল কন্ট্রাক্টর, গুজা বাদশা, বলদা বাদশা, জীবন, মোল্লা জনি, পিচ্চি আলামিন, লম্বা ফয়সাল, কালা জিহাদ, মামুন ও এবাইদুলসহ কয়েকজনের নাম উল্লেখ করেন। তাঁদের বিরুদ্ধে দুবাইপ্রবাসী কথিত শীর্ষ সন্ত্রাসী জিসানের সহায়তায় পরিকল্পিতভাবে পলাশকে হত্যার অভিযোগ করেন তিনি।

নিহতের মা আরও অভিযোগ করেন, মামলা হওয়ার পরও আসামিরা গ্রেফতার না হওয়ায় তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে। পাশাপাশি মিথ্যা মামলা দিয়ে তাদের বাড়িঘরছাড়া করার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘আমার একমাত্র ছেলেকে তারা কেড়ে নিয়েছে, এখন আমাদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও ডিবি পুলিশ তাদের গ্রেফতার করছে না।’

পরিবারের অভিযোগ, পলাশ হত্যার তদন্তে পুলিশ ও ডিবির কার্যক্রমে ধীরগতি রয়েছে। দ্রুত তদন্ত শেষ করে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীসহ সব আসামিকে গ্রেফতারের দাবি জানান তারা।

সংবাদ সম্মেলন থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে নিহতের পরিবার পলাশ হত্যার মাস্টারমাইন্ডসহ সব আসামিকে দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে পরিবারের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।