Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাড়লো আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ আগস্ট ২০২৬ ১৮:০৯

নির্বাচন কমিশন (ইসি)

ঢাকা: ‎নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়সীমা পার হলেও মোট ২১টি দল পঞ্জিকা বছরের হিসাব জমা দিতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎শনিবার (২২ আগস্ট) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

‎রাজনৈতিক দল নিবন্ধন আইন অনুসারে, প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব ইসিতে জমা দেওয়া বাধ্যতামূলক। কোনো দল পরপর তিন বছর হিসাব জমা না দিলে নিয়ম অনুযায়ী তাদের নিবন্ধন বাতিল হতে পারে। গত জুন মাসে কমিশন দলগুলোকে ৩১ জুলাইয়ের মধ্যে হিসাব দেওয়ার চিঠি পাঠায়। নির্ধারিত সময়ের মধ্যে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি দল হিসাব জমা দিয়েছে এবং পরবর্তীতে জাসদ ও জাগপা হিসাব জমা দেয়। তবে বাকি ২০টি দলের হিসাব এখনো পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

‎মোট ১৩টি দল আনুষ্ঠানিকভাবে সময় বাড়ানোর আবেদন করেছিল। অন্যদিকে এনসিপি, জনতার দল, আমজনতার দল, বাংলাদেশ জাসদ, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, তৃণমূল বিএনপি ও বাংলাদেশ সুপ্রিম পার্টিসহ মোট ৭টি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেনি কিংবা কোনো সাড়াও দেয়নি। সময় বাড়ানোর আবেদন না করা দলগুলোকে সতর্ক করে চিঠি দেওয়া হতে পারে বলে জানা গেছে। ‎তবে সাড়া না দেওয়া দলগুলোও ৩০ সেপ্টেম্বরের মধ্যে হিসাব জমা দিলে আইনগত কোনো অসুবিধা হবে না।

উল্লেখ্য, সময় বাড়ানোর আবেদন করা ১৩টি দলের আবেদনের পরিপ্রেক্ষিতেই সময়সীমা পুনর্বিন্যাস করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।

‎সারাবাংলা/এনএল/এমএম