Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ওয়াদুদ হত্যা মামলা: মোনালিসা ইসলামের ৩ দিনের রিমান্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৬ ১৬:৫৯ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ ১৮:৫১

মোনালিসা ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই আন্দোলনের সময় নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি সৈয়দ মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তদন্ত কর্মকর্তার আবেদন আংশিক মঞ্জুর করে এ আদেশ দেন।

মোনালিসা ইসলাম-এর আইনজীবী অ্যাডভোকেট তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার মোনালিসা ইসলামকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানায়। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বিজ্ঞাপন

শুনানি শেষে আইনজীবী তরিকুল ইসলাম বলেন, মেহেরপুরের আটটি মামলা এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকায় দায়ের করা একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন মোনালিসা ইসলাম। কিন্তু কারামুক্ত হওয়ার আগেই নতুন করে এই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। তার দাবি, এ সিদ্ধান্ত অযৌক্তিক এবং ন্যায়বিচারের পরিপন্থী। নতুন মামলাসহ তার বিরুদ্ধে মোট ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় বিকেল ৫টার দিকে নিউ মার্কেটের ১ নম্বর গেটের সামনে হামলাকারীদের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ নিহত হন। এ ঘটনায় নিহতের শ্যালক আব্দুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বছরের ১৬ ফেব্রুয়ারি গভীর রাতে রাজধানীর ইস্কাটন রোডের একটি বাসা থেকে সৈয়দ মোনালিসা ইসলাম-কে গ্রেফতার করে পুলিশ।